যাত্রাবাড়ী থেকে ৩৪ ককটেল আট বোমা উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীর-বাগের একটি বাসা থেকে ৩৪টি ককটেল ও আটটি পেট্রলবোমা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, মিরহাজীরবাগের খালপাড় চৌরাস্তায় একটি পাঁচতলা বাড়ি তৈরি করেন সাইদুল কাজী। তাঁর ছেলে যুবদলকর্মী কাজী আতাউর রহমান ওরফে লিটু কাজীই বাড়িটির মালিক। বিএনপির সাবেক এক সাংসদের ঘনিষ্ঠ হিসেবে স্থানীয় ব্যক্তিরা লিটুকে চেনেন। বাড়িটির তিনতলা পর্যন্ত পরিবার ও ওপরের দোতলা মেস হিসেবে ভাড়া দেওয়া আছে।ডিবির কর্মকর্তারা জানান, লিটুর নামে থানায় বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর লিটুকে পাওয়া যায়নি। বাড়িটির তত্ত্বাবধায়ক বেলায়েত হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার করা আটটি পেট্রলবোমা মাঝারি আকারের কাচের বোতলে ও বাকি ৩৪টি ককটেল লাল স্কচটেপ দিয়ে মোড়ানো। বাড়ির নিচে একটি বালুর ঢিবি থেকে সেগুলো উদ্ধার করা হয়।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) খন্দকার নূরুন্নবী বলেন, যে বাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছে, তার মালিক লিটু কাজী যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগও রয়েছে।উদ্ধার হওয়া বোমা ও ককটেলগুলোর উৎস ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে নূরুন্নবী বলেন, ‘গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদে এ তথ্যগুলো জানা যাবে।’অভিযানে নেতৃত্বদানকারী ডিবির সিনিয়র সহকারী কমিশনার গোলাম আজাদ খান বলেন, হরতাল বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, বোমাগুলো এখনো নিষ্ক্রিয় করা হয়নি। আদালতের নির্দেশনা পাওয়ার পর এগুলো নিষ্ক্রিয় করা হবে।