যাত্রাবাড়ী পার্কটি এখনো গুদাম গ্যারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী মোড়ের কাছে এলাকার একমাত্র পার্কটি এখনো দখলমুক্ত করা হয়নি। বরং অবস্থা আরও খারাপ হয়েছে। দিনের বেলায় এই পার্ক ভ্যানগাড়ির গ্যারেজ, কাঁচা মালামাল রাখার গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সন্ধ্যার আগে এসব মালামাল যাত্রাবাড়ী মোড়ের অবৈধ কাঁচাবাজারে বিক্রি হয়। পার্কে খেলাধুলা দূরে থাক, এখন হেঁটে চলাও দুষ্কর।
প্রায় এক বছর আগে এই পার্কটির দুরবস্থা নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে বলা হয়েছিল শিগগিরই পার্কটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, সংরক্ষণ দূরে থাক, পার্কটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। উত্তর যাত্রাবাড়ী যাওয়ার মুখে শহীদ জিয়াউর রহমান বিদ্যালয়। তার পাশেই ডিএসসিসির নিয়ন্ত্রণাধীন এই পার্ক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, যেটিকে পার্ক বা খেলার মাঠ বলা হচ্ছে, আগে এখানে একটি পুকুর ছিল। আশির দশকে পুকুর ভরাট করে পার্ক তৈরি করা হয়। একপর্যায়ে ওই পার্ককে এলাকার ঈদগাহ করার প্রস্তাব আসে। কিন্তু এখন এই মাঠে খেলাও যায় না, চলাচলও করা যায় না।
এলাকায় গিয়ে দেখা যায়, মাঠটির বেশির ভাগ অংশজুড়ে ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি। আছে চৌকিসহ কাঠের নানা সামগ্রী। সবজি, ফলমূল, মোরগ-মুরগি রাখার খাঁচাও রয়েছে। বড় বড় খাঁচা। এখানে–ওখানে ছড়িয়ে আছে আবর্জনা। পার্কের খেলার সরঞ্জাম দোলনা, ঢেঁকি, স্লিপার সবই ভাঙা ও অচল হয়ে পড়ে আছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় ৫ নম্বর আঞ্চলিক কার্যালয়ের অধীনে এই এলাকা। গতকাল যোগাযোগ করা হলে প্রকৌশল বিভাগ থেকে বলা হয়, একজন পরামর্শককে দিয়ে এলাকা পরিদর্শন করানো হয়েছে। তাঁর পরামর্শমতো পার্ক বা খেলার মাঠটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।