যাত্রাবাড়ী পাসপোর্ট অফিস এখন দুর্ভোগের কেন্দ্র
আবাসিক এলাকায় অপরিসর একটি বাড়ির ১৪টি কক্ষ নিয়ে চলছে যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের কার্যক্রম। এখানে বসার ব্যবস্থা না থাকায় বয়স্ক, শিশুসহ সবাইকে ঘণ্টার পর ঘণ্টা গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে হয়। নেই বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা। তবে তৎপর আছে দালাল চক্র। প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে পাসপোর্ট করতে আসা লোকদের।
আঞ্চলিক পাসপোর্ট দপ্তরটির অবস্থান যাত্রাবাড়ী মোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাতুয়াইল ইউনিয়নের মুজাহিদনগরে। এটি ‘রায়েরবাগ পাসপোর্ট অফিস’ নামে লোকজনের কাছে পরিচিত। এখানে নিরাপত্তা রক্ষার জন্য আছে মাত্র একজন পুলিশ ও ছয়জন আনসার। প্রতিনিয়ত দালাল চক্রের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ।
পাসপোর্ট করতে আসা একাধিক ব্যক্তির অভিযোগ, কার্যালয়ে লোকজনের ভিড় এমন যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। পাসপোর্টের জন্য নির্ধারিত কাজগুলো সম্পন্ন করতে অনেক সময় লাগে। দাঁড়িয়ে থাকতে বয়স্ক ও শিশুদের সমস্যা হয় বেশি। এ ছড়া বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও বাড়ছে।
যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের উপপরিচালক মো. কামাল হোসেন খন্দকার প্রথম আলোকে বলেন, কেরানীগঞ্জে দপ্তরের নিজস্ব ভবন নির্মাণের কাজ চলছে। এক বছরের মধ্যে দাপ্তরিক কার্যক্রম কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে।
সরেজমিনে দেখা যায়, মুজাহিদনগরের একটি তিনতলা (বাড়ি নম্বর ৩৬০৫) ভবনের দুটি তলা নিয়ে যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট দপ্তর। ভবনের নিচতলায় পাঁচটি ও দোতলায় নয়টি কক্ষে চলছে দাপ্তরিক কার্যক্রম। ভবনের সামনে থেকে শুরু করে প্রতিটি কক্ষের সামনে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে প্রায় চার শ মানুষ। স্থান সংকুলান না হওয়ায় কয়েকটি কক্ষের ভেতরের চারপাশে ঘুরিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে। এর মধ্যে কারও আবেদন ফরমে কোনো ভুল থাকলে তাঁকে ডেকে নিয়ে একপাশে দাঁড়িয়ে কথা বলছেন দালালেরা। আর মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা। নিচতলায় টয়লেট আছে মাত্র একটি। কোথাও খাওয়ার পানির ব্যবস্থা দেখা যায়নি।
রাজধানীর সূত্রাপুর থেকে যাত্রাবাড়ী পাসপোর্ট দপ্তরে এসেছেন মোস্তাক আহমেদ। তিনি বলেন, ‘যাত্রাবাড়ী পাসপোর্ট দপ্তর নাম শুনে মনে হয়েছিল তা যাত্রাবাড়ী এলাকাতেই। কিন্তু যাত্রাবাড়ীর কোথাও তা খুঁজে পাইনি। পরে জানতে পারলাম, তা রায়েরবাগে অবস্থিত। এই এলাকায় এসে তা খুঁজে বের করতে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় হয়েছে।’
পাসপোর্ট দপ্তরের ২০৫ নম্বর কক্ষের সামনে প্রায় এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন আবদুল কাদের (৫৫)। তিনি বলেন, ‘আবেদনপত্র সংগ্রহের পর থেকে এক কক্ষ থেকে আরেক কক্ষে যেতে হয়। প্রতিটি কক্ষের সামনে লম্বা লাইন। দাঁড়ায় থেকে পা ব্যথা হয়ে গেছে।’
পাসপোর্টের আবেদনপত্রে বর্তমান ঠিকানা ভুল লিখেছেন মোহাম্মদ রফিক। এ জন্য তাঁর আবেদন জমা নেয়নি কর্তৃপক্ষ। কিন্তু ৪০০ টাকার বিনিময়ে এই আবেদন জমার ব্যবস্থা করে দিয়েছেন দালাল চক্রের এক সদস্য। রফিক বলেন, নতুন করে আবেদন ফরম লেখা অনেক কষ্টের কাজ। তাই কিছু টাকা দিয়ে কাজটা সম্পন্ন করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল বলেন, কিছু আনসারের সহযোগিতায় এ কাজ সম্পন্ন করেন তাঁরা। এ জন্য আনসারদেরও টাকার ভাগ দিতে হয়।
মো. কামাল হোসেন খন্দকার বলেন, ‘দালালদের দৌরাত্ম্য বন্ধে দিনে কয়েকবার বিভিন্ন কক্ষ পরিদর্শন করি। কাউকে ধরতে পারলে পুলিশে দেওয়া হয়। তবে এর সঙ্গে কোনো আনসার জড়িত নয়।’
২০১০ সালের ১৬ জুন ঢাকা মহানগরের সবুজবাগ, ডেমরা, শ্যামপুর, যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালি, মুগদা, শাহজাহানপুর, ওয়ারী থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা (বাস্তা, জিঞ্জিরা, তেগুরিয়া, শুভাড্ডা, কোন্ডা ও আগানগর ইউনিয়ন), দোহার এবং নবাবগঞ্জ উপজেলা এলাকার জন্য মুজাহিদনগরে আনুষ্ঠানিকভাবে এই পাসপোর্ট দপ্তরের কার্যক্রম শুরু হয়। এসব এলাকা থেকে দিনে গড়ে এক হাজার মানুষ এখানে আসে। তবে আনসারসহ কর্মকর্তা-কর্মচারী আছেন মাত্র ২৬ জন।