যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোজা ও ঈদের আগে মহাসড়ক ও সড়কগুলো যান চলাচলের উপযোগী করার কাজ চলছে। মহাসড়কগুলোর ভাঙা অংশ মেরামত করতে এরই মধ্যে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণকাজের জন্য সৃষ্ট যানজটে জনদুর্ভোগ হচ্ছে। কিছুদিন বাদেই ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল নামবে। সেই সময় আরও বেশি যানজটের সৃষ্টি হবে। তাই ফ্লাইওভারের কারণে মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের জন্য বিকল্প তিনটি রুট নির্ধারণ করা হয়েছে। এ রুটগুলোতে যান চলাচল করলে মানুষের ভোগান্তি ও দুর্ভোগ কমবে।বিআরটিএর কর্মকর্তাকে প্রত্যাহারকেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় পরিদর্শনে গিয়ে তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল সকালে হঠাৎ ওই কার্যালয়ে যান। ইকুরিয়া বিআরটিএর সহকারী পরিচালক শহিদুল্লাহ বলেন, মোটরযান পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অব্যাহতি (ক্লোজড) দেওয়া হয়েছে এবং কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া একই পদে কর্মরত মো. ইমরানকে কারণ দর্শাতে বলা হয়েছে।