যাত্রাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র শিশু নিহত হয়েছে। তার নাম মো. আলামিন (১০)। গতকাল সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় শিশুটি।
শিশুটির বাবার নাম আবদুর রশিদ। তাঁর বাড়ি যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল বটগাছিয়া বাজার রফিক ভূঁইয়া কলেজের পাশে। আলামিন স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল বেলা ১১টার দিকে বাসার কাছে অটোরিকশার ধাক্কায় আলামিন আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। রাতে তার অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।