যাত্রাবাড়ীতে অপহূত শিশু চট্টগ্রামে উদ্ধার, আটক ২
ঢাকার যাত্রাবাড়ী থেকে অপহূত ছয় বছরের শিশু ইমনকে গতকাল শনিবার চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার আকবর শাহ মাজারের পাশের বস্তি থেকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের সঙ্গে জড়িত মামুন (২৫) ও গোলাপকে (২৪) আটক করা হয়েছে। গত ২০ জুন যাত্রাবাড়ী নানার বাড়ি থেকে ইমনকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসেন মামুন। গতকাল শনিবার দুপুরে মুক্তিপণের টাকা নিতে এলে নগরের অলংকার মোড়ের সৌদিয়া কাউন্টারে আগে থেকে ওত পেতে থাকা র্যাব সদস্যরা এক সহযোগীসহ মামুনকে আটক করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ইমনকে উদ্ধার করা হয়। ইমন ঢাকার যাত্রাবাড়ী এলাকার পোশাক শ্রমিক জামাল হোসেনের ছেলে। তার মা লাইজু আক্তার লেবাননের একটি হাসপাতালে স্বাস্থ্য সেবিকা হিসেবে কাজ করেন। র্যাব চট্টগ্রাম জোনে কর্মরত সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ঢাকার যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হবে। র্যাব সূত্রে জানা যায়, লেবাননে লাইজুর সহকর্মী মামুন ইমনকে অপহরণ করে ফোনে লাইজুর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে ইমনকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর নানা দেনদরবারে মুক্তিপণের অঙ্ক দুই লাখ টাকা নেমে আসে। ইতিমধ্যে ছেলের অপহরণের কথা শুনে লেবানন থেকে এক সপ্তাহের মধ্যে দেশে ফেরেন লাইজু।