যাত্রাবাড়ীতে ওয়াসার পানিতে দুর্গন্ধ ও ময়লা
যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানিতে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ। স্থানীয় অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত এই পানি ব্যবহারের কারণে চর্ম রোগসহ নানা রকম পেটের পীড়ায় ভুগছেন শিশু, বৃদ্ধসহ বয়সী লোকজন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, এই পানি দিয়ে গোসল করলে শরীরে দুর্গন্ধ লেগে থাকে। এমনকি ফুটিয়ে এ পানি পান করা যায় না, অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। এ এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত৷
ডিএসসিসির সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম যাত্রাবাড়ী, ফরিদাবাদ, ওয়াসা রোড ও শহীদ ফারুক সড়কের বিভিন্ন বাসাবাড়ির ওয়াসার পানিতে প্রায় সাত বছর ধরে দুর্গন্ধ ও ময়লা পাওয়া যাচ্ছে। কয়েক মাস ধরে এই দুর্গন্ধ মাত্রা ছাড়িয়ে গেছে। এখন বিশুদ্ধ ও নিরাপদ পানির জন্য পুরো ওয়ার্ডে হাহাকার তৈরি হয়েছে৷ মৌখিকভাবে বিষয়টি ওয়াসাকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে গিয়ে ওয়াসার পানি হাতে নিলে ময়লা ও দুর্গন্ধের সত্যতা পাওয়া যায়। এসব এলাকার মানুষ উপায় না পেয়ে অস্বাস্থ্যকর এই পানি দিয়েই রান্না, গোসল, ধোয়ামোছার কাজ করছেন। অনেক পরিবার পানি ছেঁকে ব্যবহার করছেন। কিন্তু সে পানিতেও দুর্গন্ধ থেকে যাচ্ছে। ফুটানোর পরও এ পানি কোনো পরিবারই খেতে পারছে না। বাধ্য হয়ে অধিকাংশ পরিবারই সুপেয় ও নিত্যব্যবহার্য পানি কিনে নিচ্ছেন। কিছু এলাকায় স্থানীয় উদ্যোগে গোপনে ওয়াসার ভালো লাইন থেকে নিজ এলাকায় পাইপের মাধ্যমে পানি নেওয়া হচ্ছে। তাও পর্যাপ্ত নয়। প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে এই পানি নেওয়ার জন্য এলাকাবাসী সারিবদ্ধভাবে অপেক্ষা করেন। শহীদ ফারুক সড়কের বাসিন্দা মো. জালাল উদ্দিন বলেন, ওয়াসার লাইনের পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকায় বাসায় রান্নাবান্না করা খাবারের স্বাদ পাওয়া যায় না। পরিবারের সদস্যদের মধ্যেও ঘরের খাবারে অনীহা চলে আসছে। অনেক সময় সুপেয় পানি কিনে রান্নার কাজ করা হয়। কিন্তু এতে ব্যয় অনেক বেশি হয়। এভাবে আর কত দিন চলবে, তা জানা নেই।
ওয়াসার পানিতে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ-ময়লা মিশে থাকায় বাসা ভাড়ার চাহিদা ক্রমান্বয়ে কমে যাচ্ছে বলে জানিয়েছেন উত্তর যাত্রাবাড়ীর স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। তিনি বলেন, এই এলাকায় পানিতে দুর্গন্ধ থাকায় ভাড়াটিয়ারা বেশি দিন থাকতে চান না। কয়েক মাস পরপরই তাঁর সাততলা বাড়ির ফ্ল্যাট ভাড়া দিতে ‘টু-লেট’ টাঙাতে হয়। নিজের পরিবারের সদস্যরাও এখন এই এলাকায় থাকতে চান না। ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য ও ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, ওই এলাকাগুলোতে পানির সমস্যা নিয়ে কোনো অভিযোগ ওয়াসার কাছে নেই৷ লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট এলাকাগুলোর সমস্যা সমাধান করা হবে।