যাত্রাবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগ
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে রিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ধলপুরের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, স্বামী কবিরের সঙ্গে ধলপুর এলাকার এক বাসায় থাকতেন রিমি।
ওসি বলেন, রিমির বাবা ফজর আলী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার দিনের বেলা বাসার পাশে একটি অনুষ্ঠানে যান রিমি। সেখান থেকে বিকেলে ফিরে আসেন। বিকেলের দিকে তিনি (ফজর আলী) মেয়েকে দেখতে ওই বাসায় গেলে মেয়ের কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিমি বাসার মেঝেতে পড়ে আছেন।
ওসি বলেন, মেয়ের বাবার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় রিমির স্বামীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।