যাত্রাবাড়ীতে ছাত্র খুনের মামলায় তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে মাসুদ রানা (২২) নামের এক ছাত্র খুনের মামলায় তিনজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ওই তিন আসামি হলেন: ফারজানা আক্তার, তাঁর ভাই আশিকুর রহমান ও রমজান।
২৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় মাসুদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই ছাত্রের মা রিনা খান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এই তিন আসামিকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ফারজানা আক্তার ঘটনার দিন মোবাইলে মাসুদ রানাকে তাঁদের বাসায় ডেকে নিয়ে যান। পরে এই আসামিসহ কয়েকজন আসামি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
মামলার বিবরণীতে বলা হয়েছে, নিহত মাসুদ রানা মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে গত বছরের ২৮ আগস্ট দেশে ফেরেন। তিনি আবারও পড়ালেখার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন ফারজানা আক্তার, আশিকুর রহমান, রমজান, ক্যাসেট মারুফ, গাউস, মজনু, রাসেল শিকদার, রনি, সাগর, শাকিল, পারভেজ ও অন্তর। এঁদের মধ্যে নয়জন পলাতক।