যাত্রাবাড়ীতে জোড়া খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা ও গৃহকর্মী কল্পনা আক্তার হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন খুন হওয়া কিশোরী গৃহকর্মীর ভাই সাঈদ হাওলাদার ও সাঈদের বন্ধু রিয়াজ। দুই আসামির উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হয়।
২০১৫ সালের ২৪ মার্চ বিকেলে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় ‘বাবার প্রাসাদ’ নামে তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী রওশন আরা ও গৃহকর্মী কল্পনার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রওশন আরা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার প্রয়াত আবদুল কুদ্দুসের স্ত্রী। হত্যাকাণ্ডের ঘটনায় রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। ঘটনার দুই দিন পর শাহজাহানপুর থেকে সাঈদকে গ্রেপ্তার করে পুলিশ। সাঈদ ও রিয়াজ ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ তদন্ত শেষে এ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।