যাত্রাবাড়ীতে দুই লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গতকাল শুক্রবার ভোর রাতে দুই লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান (৪০), তাঁর স্ত্রী শিরিন আক্তার (৩৪) ও তাঁদের সহযোগী সোহেল এলাহী (২৭) পাইকারি জাল নোট বিক্রেতা।ডিবি সূত্র জানায়, ভোর রাতে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল যাত্রাবাড়ী থানার কাজলার এক বাসায় অভিযান চালায়। সেখান থেকে ৫০০ ও ১০০০ টাকার মোট দুই লাখ পাঁচ হাজার টাকার জাল নোটসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জাল নোট তৈরির একটি চক্রের প্রধান আবদুল হামিদের কাছ থেকে এই তিনজন জাল নোট পাইকারি কিনেছিলেন। হামিদ ঈদ করতে কয়েক দিন আগে গ্রামের বাড়ি গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও সদরঘাটে জাল নোট পাইকারি ও খুচরা বিক্রি করেন। ঈদবাজারে জাল টাকা দিয়ে কেনাকাটাও করেছেন।মশিউর রহমান জানান, জাল টাকা দিয়ে কেনা স্যান্ডেল, সাবান, প্রসাধনসামগ্রীও উদ্ধার করা হয়েছে। জালিয়াতেরা যাতে ঈদবাজারে জাল নোট ছড়াতে না পারে, সে জন্য ডিবি পুলিশ তৎপর আছে।ডিবি পুলিশ এর আগে ২৭ জুলাই মুগদাপাড়া ও মান্ডা থেকে ৪৭ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির একটি চক্রের প্রধান মো. সেলিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এরপর ৩ আগস্ট ডিবি পুলিশ নয়াপল্টন থেকে সাড়ে ছয় লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করে। এর পরদিন ডিবি পুলিশ পোস্তগোলা থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং এসব তৈরির একটি চক্রের প্রধান বাবু শেখসহ সাতজনকে গ্রেপ্তার করে।