যাত্রাবাড়ীতে পরিত্যক্ত বিএমডব্লিউ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার বিএমডব্লিউ মডেলের গাড়িটি উদ্ধার করে র‍্যাব-৩-এর একটি দল।

শুক্রবার সকালে র‍্যাব-৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাপবাগের একটি বাড়ির গ্যারেজে বিএমডব্লিউ গাড়িটি মালিকানাবিহীন অবস্থায় পড়ে আছে বলে খবর পান র‍্যাবের গোয়েন্দারা। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩-এর জ্যেষ্ঠ এএসপি আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই বাড়ির গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করে। বাড়ির তত্ত্বাবধায়ক র‍্যাবকে জানান, আবুল হোসেন নামের এক ব্যক্তি বাড়ির মালিকের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের কারণে দেড় মাস আগে গাড়িটি এখানে রেখে যান। পরে র‍্যাব আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করে। আবুল হোসেন র‍্যাবকে জানান, তিনি চট্টগ্রামের জিয়াউল হক নামের এক ব্যক্তির কাছে টাকা পেতেন। জিয়াউল হক ওই টাকা পরিশোধ করতে না পেরে গাড়িটি জিম্মায় দেন। তবে আবুল হোসেনের কাছে গাড়িটির কোনো কাগজপত্র জিয়াউল হক হস্তান্তর করেননি। জিয়াউল হকের মোবাইল নম্বর ও ঠিকানা আবুল হোসেন র‍্যাবকে দিতে পারেননি। আবুল হোসেনের কাছে সঠিক কাগজপত্র না থাকায় ও তাঁর কথা সন্দেহজনক হওয়ায় গাড়িটির নিবন্ধন ও নম্বর যাচাইয়ের জন্য বিআরটিএর কাছে দেওয়া হয়।