যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে সামাদ মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. মিলন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা তিনটার দিকে মিলনকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বাসসহ পুলিশ সংশ্লিষ্ট চালককে আটক করেছে। শিশুটির মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

মিলনের খালাতো ভাই মো. সাদ্দাম বলেন, তুরাগ পরিবহনের একটি বাস মিলনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।

সাদ্দাম জানান, মিলনদের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট গ্রামে। তার বাবার নাম কাইয়ুম মিয়া। রিকশা চালক কাইয়ুম পরিবার নিয়ে রাজধানীর ধোলাই পাড় কবরস্থান গলিতে থাকেন। তিন ভাইয়ের মধ্যে মিলন ছোট।