যাত্রাবাড়ীতে ভণ্ড তান্ত্রিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুরুতান্ত্রিক যুব সম্রাট’ তাঁর উপাধি। তন্ত্র-মন্ত্র, জাদুটোনার মাধ্যমে মানুষের যেকোনো সমস্যার সমাধান করতে পারেন—এমনই তাঁর দাবি। কিন্তু শেষ পর্যন্ত নিজের সমস্যা সমাধান করতে পারলেন না।র্যাবের ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মুরাদ হোসেন (৪০) নামের ওই ব্যক্তিকে প্রতারণার দায়ে গ্রেপ্তার করেন। পরে তাঁর দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।র্যাব ও অভিযানে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মুরাদ সাত-আট বছর ধরে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সেক্রেটারি মার্কেটের তৃতীয় তলায় ক্যামেরুন ইউনানী কমপ্লেক্স নামে এক দোকানে জাদুটোনার ব্যবসা করে আসছিলেন। তিনি বিভিন্ন পত্রিকায় তাঁর অলৌকিক ক্ষমতার উল্লেখ করে বিজ্ঞাপন দিতেন। সেখানে মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায়, পরীক্ষায় পাস করা, ব্যবসায় উন্নতি থেকে শুরু করে যেকোনো সমস্যা সমাধানের নিশ্চয়তা দেওয়া হতো।এসব বিজ্ঞাপন দেখে সমস্যাগ্রস্ত অনেকেই তাঁর কাছে আসতেন। মুরাদ তাঁদের টেপ পেঁচানো একটি টিনের কৌটা (যার মধ্যে মূল্যবান পাথর ভরা বলে তিনি দাবি করতেন) দিয়ে এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিতেন। এরপর একটি খাতায় ওই ব্যক্তির স্বাক্ষর ও নাম-ঠিকানা নেওয়ার সময় সুযোগ বুঝে ওই কৌটাটি সরিয়ে একটি খালি কৌটা দিয়ে দিতেন। সংশ্লিষ্ট ব্যক্তি সমাধানের কোনো লক্ষণ না দেখে এক মাস পর তাঁর কাছে ফিরে আসতেন। তখন মুরাদ কৌটাভর্তি পাথর ফেরত চাইতেন। পাথর দিতে না পারলে মুরাদ ওই ব্যক্তির বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোর ভয় দেখাতেন। ভুক্তভোগীরা তখন ভয় পেয়ে চলে যেতেন।সূত্র আরও জানায়, এভাবেই চলছিল প্রতারণা। কিন্তু বেশ কয়েক দিন আগে এক ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে র্যাবের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মুরাদকে তাঁর কার্যালয় থেকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় সেখান থেকে ১১টি টিনের কৌটা, কিছু তাবিজ, বাটি, আরবি লেখা কাগজ, ৫০ টাকার স্ট্যাম্পের ছয়টি ফটোকপি, একটি আতশ কাচ প্রভৃতি উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত মুরাদকে দুই বছরের কারাদণ্ডাদেশ এবং দুই লাখ টাকা জরিমানা করেন। কিন্তু জরিমানা না দেওয়ায় তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযানে র্যাব-১০-এর একটি দল সহযোগিতা করে।গাঁজা ও ফেনসিডিল উদ্ধার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে দাঁড়ানো মহানগর প্রভাতী ট্রেনে অভিযান চালিয়ে ২৪ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাঁজা বহনের দায়ে মোছাম্মৎ সমলা (৪৫) ও হনুফা ওরফে মোহনা (২৫) নামের দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে বেলা সাড়ে পাঁচটার দিকে রাজধানীর চানখাঁরপুলে মো. ফারুক (২০) নামের এক ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের বোতলে দুই লিটার কোডিনমিশ্রিত ফেনসিডিল উদ্ধার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।