যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার পশ্চিম গোলাপবাগে সাইদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাসা থেকে সাইদের লাশ উদ্ধার করে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, নিহত সাইদ স্ত্রীকে নিয়ে ২২/১ টিনের চালার বাড়ির তিনটি কক্ষের একটি ভাড়া নিয়ে থাকতেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসার মেঝে থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। লাশটির গলা, মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।এসআই আমিনুল জানান, সাইদের স্ত্রী অন্তঃসত্ত্বা। তিনি গতকাল বিকেল তিনটার দিকে পাশের কক্ষের প্রতিবেশীকে নিয়ে চিকিৎসকের কাছে যান। অপর কক্ষের লোকজনও বাসায় ছিল না। ওই বাড়িতে তখন সাইদ একা ছিলেন। বিকেল চারটার দিকে তাঁর স্ত্রী ফিরে এসে বাসার সামনে লোকজনের জটলা ও বাসার ভেতর সাইদকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। আমিনুল বাশার আরও জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, সাইদ মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।