যাত্রাবাড়ীতে রাসায়নিক উপাদানে পাকানো ৬০ মণ আম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী ফলের আড়তে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে রাসায়নিক দ্রব্যে পাকানো প্রায় ৬০ মণ পাকা আম জব্দ ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। পরে আদালত আমগুলো ধ্বংস করেন। গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর আল-মদিনা ফলের আড়তে অভিযান চালান।ওই মার্কেটের কবির হোসেনের মালিকানাধীন কবির ট্রেডার্সে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট একটি আম কেটে উপস্থিত ব্যবসায়ী ও গণমাধ্যমের কর্মীদের স্বাদ নিতে অনুরোধ করেন। সেটি তেতো ও টক পাওয়া যায়। অপরিপক্ব ও কাঁচা আম রাসায়নিক উপাদানে পাকিয়ে বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সেখানকার প্রায় ২৫ মণ আম জব্দ করেন। পরে আদালত একই মার্কেটের নূরু মিয়ার মালিকানাধীন মোহাম্মদিয়া ফলের আড়তে অভিযান চালান। অভিযানের খবরে ওই আড়তের ব্যবসায়ীরা গাঢাকা দেন। আদালতের নির্দেশে ওই আড়তের প্রায় ১৫ মণ আম জব্দ করা হয়। পরে আদালত আল-আমীনের মালিকানাধীন আমানত ভাণ্ডারে অভিযান চালান। সেখানেও ব্যবসায়ীরা গাঢাকা দেওয়ায় আদালত সেখানকার প্রায় ২০ মণ আম জব্দ করেন। যাত্রাবাড়ী আড়তের একাধিক আড়তদার জানান, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চল যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও সাতক্ষীরা থেকে বিপুল পরিমাণ আম আমদানি হচ্ছে। সেখান থেকে ট্রাকে ভরার সময় কার্বাইড দিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা অনুরোধ করেন, তাঁদের আড়তে অভিযান না চালিয়ে মোকামগুলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উচিত। বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ বলেন, কার্বাইড এক ধরনের শক্তিশালী ক্ষার। এটি কাঁচা আমের মধ্যে দিলে তাপ ও রে তৈরি হয়। তাপ আমটিকে নরম করতে সহায়তা করে এবং রে আমের রং তৈরি করে। কার্বাইড দেওয়া আম খেলে লোকজনের দীর্ঘমেয়াদি রোগ হয়। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, রাসায়নিক পদার্থ দিয়ে অপরিপক্ব আম কৃত্রিম উপায়ে পাকানোর অভিযোগে একটি আড়তকে জরিমানা এবং তিনটি আড়তের প্রায় ৬০ মণ আম জব্দ করা হয়। পরে সেগুলো ডেমরার ডাম্পিং স্ট্যান্ডে ধ্বংস করা হয়। পরে আদালত রাজধানীর জুরাইনে অবস্থিত কফিল উদ্দিন ফিলিং স্টেশনে অভিযান চালান। সেখানকার একটি ইউনিটে ১০ লিটার ডিজেলে ২৬০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পান।