যাত্রাবাড়ীতে র‌্যাবের গুলিতে এক যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সামাদনগরে গতকাল বুধবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে জিলানি (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। র‌্যাব সদস্যদের সঙ্গে গুলিবিনিময় চলাকালে জিলানি নামের ওই ছিনতাইকারী আহত হন বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব সূত্র জানায়, সামাদনগর এলাকায় সংঘবদ্ধ অপরাধীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০-এর একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালালে জিলানির বাঁ পায়ে লাগে। তবে জিলানির সহযোগীরা পালিয়ে যায়। জিলানিকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এ বি এম এনামুল কবির জানান, জিলানির কাছ থেকে দুটি গুলিসহ একটি রিভলবার ও একটি ছোরা উদ্ধার করা হয়।