যাত্রাবাড়ীর অদূরে হবে সরকারি চাকরিজীবীদের জন্য ফ্ল্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯৮ কোটি টাকার

যাত্রাবাড়ী থেকে পাঁচ কিলোমিটার দূরে সরকারি চাকরিজীবীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণে প্রায় ৪০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে একনেক। আর এই ফ্ল্যাট নির্মাণ করা হবে নারায়ণগঞ্জের আলীগঞ্জে। সেখানে ১২ দশমিক ৮৪ একর জমিতে আটটি ১৫ তলা ভবনে ৬৭২টি ফ্ল্যাট ​তৈ​রি করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হবে ২০১৯ সালের জুনে।

আজ মঙ্গলবার এই প্রকল্পসহ এক হাজার ২১৯ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৮৯৫ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২৪০ কোটি টাকা। এ ছাড়া বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে আরও ৮৪ কোটি টাকা।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৩২৪ কোটি ৩৪ লাখ টাকার উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচন উদ্যোগ (১ম সংশোধিত) প্রকল্প, ১২৯ কোটি টাকার রাজশাহী বিসিক শিল্প নগরী সম্প্রসারণ, ৫৪ কোটি ৪১ লাখ টাকার জলাভূমির তালিকা ও স্থায়ীত্বশীল জলাভূমি ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক উন্নয়নসহ হাওর ও নদীর ইকোসিস্টেমের আন্তসম্পর্ক বিষয়ক সমীক্ষা, ৩৪ কোটি টাকার বৃহত্তর যশোর জেলায় মৎস্য উন্নয়ন এবং ২৭৯ কোটি টাকা ৪২ লাখ টাকার মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার সদর উপজেলাধীন রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়ন রক্ষার্থে তীর সংরক্ষণ।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব প্রকল্প সম্পর্কে অবহিত করেন।