যাত্রাবাড়ীর আগুনে মৃত আরও একজনের লাশ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে আঠা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের লাশ শনাক্ত হয়েছে। এটি শারমিন আকতার (১৭) নামে কারখানার এক কর্মীর লাশ। গতকাল শনিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন শারমিনের মা-বাবা। শারমিনসহ বুধবারের ওই আগুনে নিহত ১০ জনের লাশই শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।মর্গ সূত্র জানায়, গতকাল দুপুরে মর্গে গিয়ে লাশ শনাক্ত করার সময় শারমিনের মা শারমিনা বেগম ও বাবা মমতাজউদ্দিন কান্নায় ভেঙে পড়েন। তাঁরা বিলাপ করে বলেন, সংসারের অবস্থা নুন আনতে পান্তা ফুরায় বলেই মেয়েকে কারখানায় কাজে দিয়েছিলেন। মর্গে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিনের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই শারমিনের লাশ তাঁর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সন্ধ্যায় তাঁদের এলাকা দনিয়ায় লাশ দাফন করা হয়। ম্যাজিস্ট্রেট জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে লাশ দাফনের জন্য শারমিনের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। জানা গেছে, শারমিন ঘটনার মাত্র সাত দিন আগে খালা আমিনুর বেগমের মাধ্যমে লিলি কেমিক্যালে যোগ দিয়েছিল। আমিনুরও এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন। শারমিন মা-বাবার সঙ্গে দনিয়ার ৬১০ একে স্কুল রোডে থাকত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। লাইসেন্স পাওয়া নিয়ে প্রশ্ন: এদিকে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই লিলি কেমিক্যাল কোম্পানি ফায়ার সার্ভিসের লাইসেন্স পেল কীভাবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, তিনি অধিদপ্তরে যোগ দেওয়ার আগে লিলি কেমিক্যাল লাইসেন্স নিয়েছে। তবে কোনো কারখানাকে লাইসেন্স দেওয়ার আগে কলকারখানা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কাগজ দেখে তবে ফায়ার সার্ভিস লাইসেন্স দিয়ে থাকে। আবদুর রশীদ বলেন, ওই প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের কিছু যন্ত্র থাকলেও তা ব্যবহারের প্রশিক্ষণ শ্রমিকদের ছিল না। অন্য একজন কর্মকর্তা বলেন, কারখানাটি ফায়ার সার্ভিসের সব শর্ত পূরণ করেনি। ফায়ার সার্ভিসের আরেকজন উপপরিচালক ভরত চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী দু-এক দিনের মধ্যে তিনি তদন্ত প্রতিবেদন জমা দেবেন।