যাত্রাবাড়ীর সড়কগুলো ধুলাবালি আর আবর্জনায় ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সড়কে আবর্জনা স্তূপ হয়ে আছে l ছবি: প্রথম আলো
দক্ষিণ যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সড়কে আবর্জনা স্তূপ হয়ে আছে l ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম যাত্রাবাড়ীর বিভিন্ন সড়কে আবর্জনা স্তূপ হয়ে আছে। এই এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে আবর্জনার স্তূপ সবচেয়ে বেশি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ওয়ার্ডের সড়কগুলো নিয়মিত পরিষ্কার করছেন না ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। এতে ওই এলাকার সড়কগুলোতে কয়েক স্তর বালি জমেছে। সড়কে দ্রুত গতিতে যানবাহন চললে ধুলাবালিতে পুরো এলাকা ধোঁয়ার মতো ঢেকে যায়। আবর্জনা পচে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। এ ছাড়া এসব সড়কে চলাচলকারীদের চোখে ধুলাবালি পড়ে অনবরত চোখ থেকে পানি ঝরতে থাকে এবং তাৎক্ষণিকভাবে চোখ লাল হয়ে যায়।
জানতে চাইলে ডিএসসিসির সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, এই ওয়ার্ড পরিষ্কার রাখতে ডিএসসিসির ৫১ জন পরিচ্ছন্নতাকর্মী আছেন। কিন্তু এর মধ্যে ৮ থেকে ১০ জন কর্মী নিয়মিত কাজে অংশগ্রহণ করেন না। এই অল্পসংখ্যক কর্মী দিয়ে পুরো ওয়ার্ড পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তাই গত মে মাসে আরও ২০ জন পরিচ্ছন্নতাকর্মী চেয়ে ডিএসসিসিতে আবেদন করা হয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকার সড়ক ধুলাবালিতে একাকার হয়ে আছে। প্রতিটি সড়কে ময়লা-আবর্জনার স্তূপ। এর মধ্যে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা, চৌরাস্তা থেকে ঢাকা-মাওয়া সড়কের ধোলাইপাড় পর্যন্ত সড়কে ময়লা-আবর্জনা ও ধুলাবালি ছড়িয়ে আছে। এই এলাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে বিভিন্ন স্থানে আবর্জনা স্তূপ হয়ে আছে। এ ছাড়া শহীদ ফারুক সড়ক, ফরিদাবাদ, ওয়াসা রোডসহ বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে থাকতে দেখা গেছে। ধুলাবালির কারণে সড়কের আশপাশের বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ করে রেখেছেন বাসিন্দারা। অধিকাংশ দোকানি নাক ঢেকে দোকানে বসে আছেন। পথচারীরা ধুলাবালি ও দুর্গন্ধ থেকে বাঁচতে নাক-মুখ ঢেকে চলছেন। এলাকাগুলোতে কোনো পরিচ্ছন্নতাকর্মী দেখা যায়নি।
দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা আতাউর রহমান বলেন, সপ্তাহে এক দিন সড়ক পরিষ্কার করলে বাকি ছয় দিনই ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের দেখা যায় না। ধুলাবালির কারণে সড়কের দিকের দরজা-জানালা খোলা যায় না। ভালো জামাকাপড় পরে সড়কে হাঁটলেই ধুলাবালিতে নোংরা হয়ে যায়। গা ঘিনঘিন করে। আর বৃষ্টি হলে ধুলাবালি কমলেও বাতাসে ছড়ায় ময়লার দুর্গন্ধ। এতে মহল্লার অনেকেই চর্ম, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রাবাড়ীর ওই এলাকাগুলো দিয়ে প্রতিদিন রাতে ইট, বালি, পাথরবোঝাই ট্রাকসহ বিভিন্ন মালবাহী যানবাহন রাজধানীতে ঢোকে। এসব যানবাহনে মালামাল ঢেকে রাখা হয় না। ফলে ইট-পাথরের কণা ও বালি সড়কে ছড়িয়ে পড়ে। এ ছাড়া এই এলাকাগুলোতে পলিথিনসহ ছোট অনেক কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার বর্জ্য সড়কে ছড়িয়ে থাকে।