যাত্রাবিরতি না করায় তল্লাশি করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশে নরসিংদী রেলস্টেশনে গতকাল মঙ্গলবার দুপুরে আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি করানো হয়নি। এ কারণে ট্রেনটিতে চালানো যায়নি মাদকবিরোধী অভিযান। এ ঘটনায় সহকারী স্টেশনমাস্টার শফিকুল ইসলামকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অন্তত এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখেন।
নরসিংদীর স্টেশনমাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা স্টেশনে আসেন। তাঁরা মাদকবিরোধী অভিযান চালাতে কালনী এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানোর নির্দেশ দেন। কিন্তু এই স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি নেই। নিয়ন্ত্রণকক্ষের নির্দেশনা ছাড়া এখানে ট্রেনটির যাত্রাবিরতি সম্ভব নয় বলে স্টেশন কর্মকর্তারা তাঁদের জানান। এতে অধিদপ্তরের কর্মকর্তারা ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা হাকিমকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা হাকিম এ টি এম মাহবুব আলম ও নির্বাহী হাকিম জাকিয়া সুলতানার নেতৃত্বে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশ অমান্য করায় আদালতের নির্দেশে সহকারী স্টেশনমাস্টার শফিকুল ইসলামকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় রেলওয়ের কর্মকর্তারা ক্ষুব্ধ হন। প্রতিবাদে তাঁরা ট্রেন চলাচল বন্ধ রাখেন। বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এই পথে কোনো ট্রেন চলাচল করেনি। সহকারী স্টেশনমাস্টারকে ছেড়ে দেওয়ার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানতে চাইলে সহকারী স্টেশনমাস্টার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে নিয়ন্ত্রণকক্ষের অনুমতি না পাওয়ার কথা জানানোর সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আমার সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। একপর্যায়ে আমাকে তুলে নিয়ে যান।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ট্রেনটিতে মাদকের একটি চালান যাচ্ছিল। এ জন্য ট্রেনটিতে তল্লাশি চালানো হতো। কিন্তু সহকারী স্টেশনমাস্টারের অদায়িত্বশীলতার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। মূলত ট্রেনটি না থামানোর কারণ জানতেই অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মাহবুব আলম সহকারী স্টেশনমাস্টারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। অবশ্য কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আরেক সহকারী স্টেশনমাস্টার এ টি এম মুসা বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে নরসিংদী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ঈশা খাঁ, পলাশের জিনারদী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী কুমিল্লা কমিউটার ডেমু ট্রেন, রায়পুরার খানাবাড়ি স্টেশনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার, মেথিকান্দা স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও ভৈরব স্টেশনে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর ট্রেন আটকা পড়ে। এ কারণে ট্রেনগুলোর যাত্রা বিলম্ব হয়।