যাত্রাবিরতির দাবি ‘দোলনচাঁপা’ অবরোধ
রংপুরের পীরগাছায় আন্তনগর ‘দোলনচাঁপা’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উপজেলা নাগরিক কমিটির আহ্বানে গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পীরগাছা রেলস্টেশনে ওই ট্রেনটি অবরোধ করে রাখা হয়।উপজেলা নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, নাগরিক কমিটি ট্রেনটি পীরগাছা রেলস্টেশনে যাত্রাবিরতির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে গত শনিবার থেকে প্রতিদিন পীরগাছা রেলস্টেশনে এক ঘণ্টা করে অবরোধসহ মিছিল ও সমাবেশ করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ট্রেনটি এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ সময় উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে পীরগাছা রেলস্টেশন চত্বরে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবদুল হাই বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।