যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশনে উন্নীতকরণসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ, স্টেশনের সংস্কার, আন্তনগর কপোতাক্ষ ট্রেনসহ সব ট্রেনের বিরতির দাবিতে গতকাল সোমবার এলাকাবাসী অবরোধ কর্মসূচি পালন করেছে। সকাল নয়টা ৪০ মিনিট থেকে টানা ৪৫ মিনিট এই অবরোধ পালন করা হয়। এ সময় চুয়াডাঙ্গার সঙ্গে খুলনা, রাজশাহীসহ সারা দেশের রেল যোগাযোগ বিঘ্নিত হয়।আনসারবাড়িয়া রেলস্টেশন রক্ষা কমিটির ডাকে পূর্বঘোষিত এই আন্দোলনে যোগ দিতে এলাকার আন্দুলবাড়িয়া, উথলী, বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ সকাল থেকেই স্টেশনে এসে ভিড় জমায়। সকাল নয়টা ৪০ মিনিটে খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ ট্রেন স্টেশন সীমানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর লাল পতাকা উড়িয়ে লোকজন রেললাইনের ওপর দাঁড়িয়ে অবরোধ শুরু করে। রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার টগর আলাপ করার পর সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।