যাত্রামঞ্চের কাজে শ্রমিকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাটে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে যাত্রামঞ্চের মাটি অপসারণের কাজ করানো হচ্ছে। কাজে নিয়োজিত শ্রমিকদের দাবি, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের নির্দেশে তাঁরা এ কাজ করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর জামুরহাট বাজারের পাশের জমিতে বিজয় মেলার আয়োজন করা হয়। স্থানীয় বুড়িগঞ্জ ইউপির তিন সদস্য ছিলেন এ মেলার প্রধান আয়োজক। মেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানো হয়। এ নিয়ে প্রথম আলোয় গত ১১ ডিসেম্বর সংবাদ প্রকাশিত হলে প্রশাসন অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধ করে দেয়। সে সময় যাত্রামঞ্চ করতে গিয়ে জমিতে মাটির উঁচু ঢিবি তৈরি করা হয়েছিল।গত শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কর্মসংস্থান কর্মসূচির অধীন একটি প্রকল্পের ৩০ জন শ্রমিক সেখানে ঢিবি অপসারণের কাজ করছেন। শ্রমিক মহির উদ্দিন (৫৫), আলাল উদ্দিন (৫০) ও মাহতাব আলী (৪৫) জানান, সেখানে তাঁরাসহ ৩০ জন শ্রমিক কাজ করছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন শ্রমিক জানান, স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক যাত্রামঞ্চের মাটি অপসারণের নির্দেশ দেওয়ায় তাঁরা মাটি কাটছেন।এ ব্যাপারে আবদুল মালেক বলেন, তিনি ওখানে কাজ করতে বলেননি। শ্রমিকেরা ভুল করে ওই কাজ শুরু করেছিল। বুড়িগঞ্জ ইউপির সদস্য আলতাফ হোসেন বলেন, ‘আমি ব্যস্ততার জন্য নজর দিতে পারিনি। তবে শ্রমিকেরা ভুল করে সেখানে গিয়েছিল বলে শুনেছি।’বুড়িগঞ্জ ইউনিয়নে কর্মসংস্থান প্রকল্পের তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সেখানে কাজ করলে তা সম্পূর্ণ অবৈধ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, খাল খনন, বাঁধ নির্মাণ, রাস্তা নির্মাণ, জলবদ্ধতা দূরীকরণের জন্য নালা বা সেচনালা খনন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানসহ জনগণের উপকারে আসবে এমন প্রকল্পে শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা। এর বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। পিআইও আবুল কালাম আজাদ বলেন, ‘এটা নিয়মের বাইরে গিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করানোর চেষ্টা। আমি এখনই ওই কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।’