যাত্রার নামে অবৈধভাবে চলছে জুয়া, অশ্লীল নাচ
ধানের চারা তুলে ফেলে ১১ বিঘা জমিতে প্যান্ডেল তৈরি করে যাত্রার নামে অবৈধভাবে চলছে জুয়া ও অশ্লীল নাচ। জেলা প্রশাসনের অনুমতি না থাকলেও পুলিশকে প্রতিদিন ঘুষ দিয়ে গাইবান্ধা সদর উপজেলার কালীতলা গ্রামে এ আয়োজন চলছে বলে অভিযোগ উঠেছে।
পাশের বড়ইপাড়া গ্রামের সংস্কৃতিকর্মী আজাদ মিয়া বলেন, যাত্রার নামে প্রচার করা হলেও অভিনয় নেই। শুরু থেকে শেষ পর্যন্ত অশ্লীল নাচ চালানো হয়। এসব ছবি যাতে কেউ তুলতে না পারে, সে জন্য যাত্রামঞ্চে প্রবেশের সময় দর্শকদের মুঠোফোন জমা নিয়ে নেওয়া হয়।
গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সরেজমিনে দেখা গেছে, চারপাশে ধান ও গমের খেত। মাঝখানে বিশাল জায়গায় সাজানো সুসজ্জিত ফটক ও ছয়টি মঞ্চ। এর একটি যাত্রামঞ্চ এবং পাঁচটি হাউজি ও জুয়ার মঞ্চ। যাত্রামঞ্চটি কাপড় ও টিন দিয়ে ঘেরা। এই চত্বরে বাঁশ দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে কয়েকটি মাইক।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি থেকে এখানে জুয়া ও অশ্লীল নাচ চলছে। সন্ধ্যার পর কয়েক শ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অটোরিকশায় করে অসংখ্য লোক এখানে আসে। নির্জন এই এলাকা সরগরম হয়ে ওঠে। পুলিশকে উৎকোচ দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ৭১ সদস্যবিশিষ্ট কমিটি করে অবাধে যাত্রার নামে জুয়া-হাউজি ও অশ্লীল নাচের আয়োজন করছে। কমিটিতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীও রয়েছেন। প্রতিদিন রাত আটটা থেকে ভোর চারটা পর্যন্ত যাত্রা-জুয়া চলছে। প্রবেশমূল্য ৫০-১০০ টাকা। প্রতিদিন প্রায় ৫০টি রিকশাভ্যান ও অটোরিকশা দিয়ে জুয়া-হাউজি ও লটারি খেলার প্রচার চালানো হচ্ছে।
কালীতলা গ্রামের সমাজকর্মী মোখলেছুর রহমান বললেন, পুলিশকে ঘুষ দিয়েই প্রভাবশালী ব্যক্তিরা এসব চালাচ্ছেন। একই ধরনের কথা বলেন দারিয়াপুর গ্রামের স্কুলশিক্ষক জুয়েল মিয়াসহ কয়েকজন।
আয়োজক রেজাউল করিম, কাচু মিয়া ও হুনান মিয়া জানান, এলাকার মানুষের বিনোদনের জন্য এসবের আয়োজন করা হয়েছে। কিন্তু কোনো অশ্লীলতা নেই।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজক কমিটির একজন জানান, প্রতিদিন পুলিশকে ২০ হাজার টাকা দেওয়া হয়। জমির মালিকদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, ১১ বিঘা জমিতে প্রায় ২৫০ মণ বোরো ধান উৎপাদন হওয়ার কথা।
গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, জেলা প্রশাসন যাত্রা ও হাউজির অনুমতি দিয়েছে। তাই এসব বন্ধে পুলিশের করণীয় কিছু নেই।
জেলা প্রশাসক মো. এহছানে এলাহী বলেন, কালীতলা গ্রামে কেন, জেলার কোথাও যাত্রা বা হাউজি চালানোর কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি।