যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া
বরিশালের উজিরপুর উপজেলার হারতা উত্তরপাড় বন্দরের পাশের একটি চরে যাত্রা ও পুতুলনাচের নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর।জানা গেছে, উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্রনাথ মণ্ডল এবং স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা ও সমর্থকের উদ্যোগে হারতা যুব সংঘের ব্যানারে ‘ঈদ আনন্দ মেলা’ নামে ওই চরে মাসব্যাপী যাত্রা ও পুতুলনাচের আয়োজন করা হয়।যাত্রা পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্রনাথ মণ্ডল বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে ২ সেপ্টেম্বর থেকে যাত্রা ও পুতুলনাচের প্রদর্শনী চলছে।স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, যাত্রা ও পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের পাশাপাশি নিয়মিত চলছে ওয়ান টেন ও ছয় ঘুঁটির জুয়ার রমরমা বাণিজ্য। হারতা গ্রামের সমীর কুমার (৩৫), জগদীশ চন্দ্রসহ (৫৫) কয়েকজন জানান, ওয়ান টেন জুয়ার মাধ্যমে প্রতি রাতে লাখ লাখ টাকার খেলা চলছে। হারতা গ্রামের বাদল মিয়া, জয়নাল আবেদীনসহ কয়েকজন জানান, তাঁরা যাত্রা ও জুয়া বন্ধের জন্য কমিটির কাছে অনুরোধ করেছেন। এতে কমিটির লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এরপর স্থানীয় ব্যক্তিরা ৭ সেপ্টেম্বর উজিরপুর থানার পুলিশের কাছে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন। পুলিশ ওই দিন রাতে লোক দেখানো অভিযান চালিয়ে ফিরে যায়। পরদিন থেকে জুয়া ও অশ্লীল নৃত্য নিয়মিত চলছে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়েছে।