যাত্রার নামে অশ্লীল নৃত্য-জুয়া
কুড়িগ্রাম রৌমারী উপজেলার গাছবাড়ি ও নাউবাড়ি হাটে পালাক্রমে যাত্রার নামে অবাধে চলছে অশ্লীল নৃত্য ও জুয়া। এ ছাড়া এসব স্থানে মদ, গাঁজা, ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসী এসব অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেও ফল পায়নি। গত রোববার বিকেলে আবারও দুই শতাধিক লোক বিক্ষোভ মিছিল করে।স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস ধরে রৌমারী উপজেলার সীমান্তবর্তী গাছবাড়ি ও নাউবাড়ি হাটে পালাক্রমে যাত্রা চলছে। গত দুই সপ্তাহ ধরে গাছবাড়ি হাটে এ যাত্রা চলে আসছে। এ যাত্রার নামে অশ্লীল নৃত্য ও প্রকাশ্যে জুয়া চালিয়ে আসছে এলাকার চিহ্নিত একটি মহল। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি। নিরুপায় হয়ে এলাকাবাসী গত রোববার আবারও মিছিল, সমাবেশ ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে।স্থানীয় আবদুল মালেক, মোবারক হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, ঢোলের বাজনা এবং উচ্চ স্বরে মাইক বাজার তালে তালে রাতভর অশ্লীল নৃত্য ও জুয়া চলে। এ কারণে এলাকার আশপাশে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। সারা রাত ঘুমাতে পারছে না এলাকার মানুষ। যুবকদের বিপথগামী করতে প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে মদ, গাঁজা, ফেনসিডিলসহ নানা মাদক। রৌমারী থানার ক্যাশিয়ার সরোয়ার হোসেন প্রতিদিন জুয়া ও যাত্রার আসর থেকে সেলামি আদায় করেন।যাত্রা অনুষ্ঠানের আয়োজক সোহরাব মেম্বার বলেন, ‘আমি যাত্রাপালার আয়োজন করেছি। তবে কোনো অনৈতিক কাজ করা হয় না।’যাত্রা দলের ম্যানেজার দিলীপ মিয়া বলেন, ‘আমরা লোকজনের চাহিদা অনুযায়ী নাচ ও গান পরিবেশন করে থাকি। তবে জুয়ার আসর কারা বসায় জানি না।’রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘যাত্রা ও জুয়া চলার অভিযোগ সত্য নয়। কারা সেলামি আদায় করেন তা আমার জানা নেই।’