যাত্রার নামে চলছে জুয়া ও অশ্লীল নাচের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় যাত্রার নামে রাতভর চলছে জুয়া ও অশ্লীল নাচের আসর। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের নামে আবেদন করে প্রশাসনের কাছ থেকে যাত্রার অনুমোদন নিয়ে এই আসর বসানো হচ্ছে।
গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি মাঠে ১৭ মার্চ থেকে চলছে যাত্রার নামে অশ্লীল নাচ ও জুয়ার আসর।
২১ মার্চ রাতে সরেজমিনে দেখা গেছে, যাত্রার নামে চলছে নানা প্রকারের জুয়ার আসর। ময়মনসিংহ ও এর আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জুয়াড়িরা এখানে এসেছেন। রাত গভীর হওয়ার পর শুরু হয় অশ্লীল নাচের আসর। চলে ভোররাত পর্যন্ত।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের একজন বলেন, এখানে জুয়ার আসরে প্রতি রাতে ২০ থেকে ২৫ লাখ টাকা বিনিময় হয়। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে প্রতি রাতে নির্দিষ্ট অঙ্কের অর্থ দেওয়ার পরও আয়োজকদের মোটা অঙ্কের লাভ থাকে।
আয়োজকদের কয়েকজন জানান, মইলাকান্দা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের নামে অসহায় মুক্তিযোদ্ধাদের সাহায্যের জন্য প্রশাসনের কাছ থেকে যাত্রার অনুমতি আনা হয়। অনুমতির আবেদনপত্রে দেখা গেছে, সেখানে সাঈদ আহমেদ নামের একজন মুক্তিযোদ্ধার স্বাক্ষর রয়েছে। সাঈদ আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি এসবের কিছুই জানেন না।
যাত্রা ও জুয়ার আসর পরিচালনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, ভিপি রতনসহ আরও কয়েকজন জুয়ার আসরটি চালানোর সঙ্গে যুক্ত। মুঠোফোনে যোগাযোগ করা হলে ভিপি রতন বলেন, ‘আসর চালাতে প্রতি রাতে অনেক টাকা খরচ করতে হয়। মানুষের আগ্রহ আছে বলেই আমরা এসব আয়োজন করেছি।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দূর-রে শাহওয়াজ বলেন, শুধু যাত্রা মেলার অনুমতি রয়েছে। জুয়া বা অশ্লীল নাচের বিষয়টি দেখার জন্য খুব দ্রুতই লোক পাঠানো হবে। পুলিশ বা অন্য কারোর সঙ্গে আয়োজকেরা অর্থ বিনিময় করেছেন কি না, তা তদন্ত করা হবে। ২৪ মার্চ রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের পাশে তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় গিয়ে দেখা গেছে, বিশাল মাঠে প্যান্ডেল তৈরি করে চলছে যাত্রার নামে জুয়া ও অশ্লীল নাচের আসর। আসর পরিচালনা কক্ষে গিয়ে কথা হয় আলমগীর ও তাওহীদ নামের দুই ব্যক্তির সঙ্গে। মূল আয়োজক কারা জানতে চাইলে আলমগীর বলেন, সম্ভবত মুক্তিযোদ্ধা কমান্ডের নামে আয়োজনের অনুমতি রয়েছে। তবে আরও প্রভাবশালী এক ব্যক্তি এর সঙ্গে পরোক্ষভাবে জড়িত। তিনি কম আসেন। প্রশাসন ও পুলিশ তিনিই ম্যানেজ করেন। আলমগীর ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকৃতি জানান।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জুয়ার আসর থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গাছতলা এলাকায় শুধু যাত্রার অনুমতি রয়েছে। তবে শুনেছি গভীর রাতে সেখানে অশ্লীল নাচ আর জুয়া চলে। শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকী বলেন, স্থানীয়ভাবে কয়েকটি স্থানে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। জুয়া ও অশ্লীল নাচের আসর বসানোর অভিযোগ তিনিও পেয়েছেন। নির্বাচনের পর তিনি অভিযান চালাবেন।