যাত্রার নামে জুয়া, অশ্লীল নৃত্য
গ্রামীণ মেলা ও যাত্রা অনুষ্ঠানের নামে ঢাকার আশুলিয়ার বেরন এলাকায় চলছে জুয়ার আসর। সে সঙ্গে যাত্রার মঞ্চে চলছে অশ্লীল নৃত্য। যাত্রা আর জুয়ার মঞ্চে উচ্চ স্বরে মাইক ব্যবহারের কারণে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।চলতি বছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে যাত্রা অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্যসহ অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। প্রজ্ঞাপনে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আয়োজকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু আশুলিয়া থানার পুলিশ বেরন এলাকার এই যাত্রার আসরে অশ্লীলতা ও জুয়া বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে আয়োজকদের নিরাপত্তা দিচ্ছে।যাত্রার আসরের আয়োজকদের ভাষ্যমতে, তাঁরা আশুলিয়া থানাসহ সংশ্লিষ্ট সব মহলে টাকা দিয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন।আবদুল্লাপুর-বাইপাইল সড়ক থেকে ৫০ গজ দূরে আশুলিয়ার বেরন এলাকায় খোলা মাঠে এই যাত্রার আসরের আয়োজন করা হয়েছে।সরেজমিনে গত রোববার রাত ১০টার দিকে যাত্রামঞ্চের পাশে হাউজিসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর আর লটারির মঞ্চ চোখে পড়ে। রাত ১১টার দিকে জুয়ার আসরে দেখা হয় আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল জলিলের সঙ্গে। তিনি কয়েকজন কনস্টেবল নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাত দেড়টার দিকে যাত্রা অনুষ্ঠান ও জুয়ার আয়োজক রমজান আলীর কার্যালয়ে উপস্থিত হন এএসআই মো. নয়ন মিয়া। এর কয়েক মিনিট পর ওই কার্যালয়ে আসেন এএসআই মাহমুদ আলম। রমজান আলী তাঁদের চা দিয়ে আপ্যায়ন করেন।এএসআই জলিল বলেন, ‘আমাদের দায়িত্ব আয়োজক আর জুয়াড়িদের নিরাপত্তা দেওয়া, আমরা তাই করছি। ওসির অনুমতি ছাড়া আমাদের মতো কর্মকর্তাদের পক্ষে এসব বন্ধ করা সম্ভব নয়।’ জুয়া ও যাত্রা অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন সমিতির সভাপতি মো. রমজান আলী বলেন, ‘আমার চিকিৎসার অর্থ জোগাড় করতে শেষবারের মতো এসব কর্মকাণ্ডের আয়োজন করেছি। ভবিষ্যতে আর করব না।’ তিনি বলেন, ঘাটে ঘাটে নজরানা দিয়েই এসব চালাতে হয়।আশুলিয়া থানার ওসি মো. বদরুল আলম বলেন, ‘যাত্রা অনুষ্ঠানের নামে জুয়া আর অশ্লীল নৃত্যের ব্যবস্থা করার বিষয়টি আমার জানা নেই। এ রকম হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’