পুলিশ ও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রংপুরের পীরগাছা উপজেলার ২০টি স্থানে এক মাস ধরে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে বলে অভিযোগ রয়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
ক্ষুব্ধ এলাকাবাসী গত শুক্রবার অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের দাবিতে উপজেলার সুখানপুকুর হেলিপ্যাড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পীরগাছা সদর ইউপির চেয়ারম্যান আফছার আলী বলেন, যাত্রা ও জুয়া বন্ধের জন্য থানায় একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার সরেজমিনে চণ্ডীপুর, নাওডাড়ার কুড়ারপাড়, মনুরছড়া আলাইকুড়ি নদীর স্লুইসগেট, ইছলার হাটের ঢোলের দীঘিরপাড় ও ইটাকুমারীর রাজবাড়ী এলাকায় যাত্রার প্যান্ডেল দেখা গেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে সন্ধ্যার পর থেকে উচ্চ শব্দে মাইক বাজানো হয়। পরে পালাগানের নামে রাতভর চলে অশ্লীল নাচ ও জুয়ার আসর। এতে তাঁরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা গেছে, সদর ইউনিয়নের নগজিৎপুর ও তালুক ইশাদ চাকলারপাড়; কৈকুড়ী ইউনিয়নের শুলিপাড়া, মোংলাকুটির মতিয়ারের বাজার, ফতেপুর গুচ্ছগ্রাম, দিলালপাড়া স্কুলসংলগ্ন বড় দীঘিরপাড়, বড় হায়াত খাঁ ও গোড্ডার দীঘিরপাড়; পারুল ইউনিয়নের মহিষমুড়ি, সেচাকান্দি ও দামুর চাকলা হাইস্কুল এলাকা; কান্দি ইউনিয়নের বালারদীঘি বাজার, ছাওলা ইউনিয়নের বোল্ডারের মাথা ও গাবুড়ার চর এবং তাম্বুলপুর ইউনিয়নের চর রহমত, অন্নদা নগরের বেউর বাজারসহ মোট ২০টি স্থানে জুয়া ও অশ্লীল নৃত্য চলছে।
চণ্ডীপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন ও শরীফ আলী বলেন, জুয়ার আসরের মাইকের উচ্চ শব্দে এলাকাবাসীর ঘুম বিঘ্নিত হচ্ছে। এসব অশ্লীল নাচ আর জুয়ার আসরের খপ্পরে পড়ে এলাকার উঠতি বয়সের যুবকেরা বিপথগামী হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুখানপুকুর নাওডাড়ার কুড়ারপাড় জুয়ার আয়োজক বলেন, গ্রামাঞ্চলের মানুষের বিনোদনের জন্য এসব যাত্রাপালার আয়োজন করা হয়েছে। আর এসব করতে খরচের জন্য একটু জুয়া খেলার ব্যবস্থা। তবে থানার পুলিশকে জানিয়েই এগুলো করা হচ্ছে। জুয়ার আসরের চারজন আয়োজক জানান, থানার পুলিশের গাড়িচালক রুহুল আমিনের মাধ্যমে প্রতিদিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) টাকা দেওয়া হয়। এর বিনিময়ে এসব আসরের মৌখিক অনুমতি পাওয়া যায়। প্রতিটি আসর থেকে স্থানভেদে পাঁচ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়। পীরগাছা থানার ওসি মকবুল হোসেন উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, জুয়া খেলার কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।