যাত্রাশিল্প বাঁচাতে বরিশালে শিল্পীদের মানববন্ধন
যাত্রাশিল্প বাঁচানোর দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। বরিশাল নগরের সদর রোডে দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টায় কর্মসূচি চলাকালে দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতি আসাদুজ্জামান হাকিমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি এম এ হাদী, জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর মোল্লা, সাধারণ সম্পাদক মনোয়ার খান প্রমুখ।
বক্তারা বলেন, যাত্রাশিল্পকে ধ্বংসের উদ্দেশ্যে প্রভাবশালী মহল এতে অশ্লীলতা ঢুকিয়েছে। এ কারণে যাত্রাপালার পরিবর্তে রাতভর অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। যাত্রাশিল্পীদের মেকআপ নিয়ে রাতভর বসে থাকতে হয়। তাঁরা যাত্রামঞ্চে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হন। এই শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীরা মানবেতর জীবন যাপন করছেন।
মানববন্ধনে যাত্রাশিল্পীরা ৯ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যাত্রাশিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান, যাত্রাশিল্পে অশ্লীলতা বন্ধে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ, যাত্রাপালা আয়োজনের সরকারি অনুমতি সহজীকরণ, প্রতিটি জেলা–উপজেলায় যাত্রাশিল্পের জন্য স্থায়ী মঞ্চ নির্মাণ, প্রবীণ ও অভিজ্ঞ যাত্রাশিল্পীদের জাতীয়ভাবে সম্মান জানানো, অক্ষম ও দুস্থ যাত্রাশিল্পীদের জন্য কল্যাণ ভাতা প্রদান ও যাত্রা প্রদর্শনীকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রদান।
পরে সংগঠনের নেতারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেন।