যাত্রায় অশ্লীল নৃত্য, জুয়া
লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর নিজপাড়ায় যাত্রাপালার আড়ালে অশ্লীল নৃত্য এবং লাখ লাখ টাকার জুয়ার আসর চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, অতন্দ্র নাট্যগোষ্ঠীর আয়োজনে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ১ জানুয়ারি থেকে নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় সপ্তাহব্যাপী যাত্রাপালা শুরু হয়েছে। তবে এর আগে তিন দিন অনুমোদন ছাড়াই অনুশীলনের নামে যাত্রাপালা চালানো হয়। যাত্রাপালার একাধিক দর্শক-শ্রোতার সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রার আড়ালে রাতভর সেখানে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলে। লালমনিরহাট ছাড়াও কুড়িগ্রাম ও রংপুর জেলা থেকে অনেক জুয়াড়ি এসে এসব আসরে অংশ নিচ্ছে। অতন্দ্র নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শহিদার রহমান দাবি করেন, অশ্লীল নৃত্য নয়, দর্শক-শ্রোতার চাহিদার কথা মাথায় রেখে যাত্রামঞ্চে তরুণীরা ‘আধুনিক নাচ’ নাচে। তবে তিনি জুয়াখেলার বিষয়ে কিছু বলতে রাজি হননি। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘লালমনিরহাটের কয়েকটি স্থানে যাত্রাপালা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য ও এর আশপাশে জুয়ার আসর চলেছে বলে অভিযোগ পেয়েছি। এই অবস্থা চললে অনুমতি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’