যাত্রায় নগ্ননৃত্য চারজনের দণ্ড
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাখোলা গ্রামে যাত্রায় নগ্ননৃত্য পরিবেশন করার দায়ে তিন যাত্রাশিল্পী ও এক কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জলিল জানান, গত বৃহস্পতিবার রাতে হাবিবুল্লানগর ইউনিয়নের ওই গ্রামে যাত্রা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় বিনা অনুমতিতে যাত্রানুষ্ঠান চালানো ও অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে মনোয়ারা বেগম (৪০), পারভীন খাতুন (২২) ও ময়না খাতুনকে (২৫) এক মাস করে সশ্রম কারাদণ্ড এবং যাত্রাদলের কর্মচারী বকুল সরকারকে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী যাত্রার প্যান্ডেল ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।সিংড়ায় মেলার নামে জুয়া: নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের মধ্যে তিশিখালীতে বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকসেবনের আসর। তিশিখালী স্থানটি সিংড়া উপজেলা সদর থেকে আট কিলোমিটার পূর্বে চলনবিলের মধ্যে অবস্থিত। নামে বৈশাখী মেলা হলেও মেলার কোথাও গ্রামবাংলার কোনো ঐতিহ্য তুলে ধরা হয়নি।গত বুধবার রাতে সরেজমিনে দেখা যায়, মাজারের চারপাশে বসেছে শতাধিক জুয়ার আসর। স্থানীয়ভাবে এসব আসরের নাম রাখা হয়েছে ডাবু, চরকি, বউ, মাছ, ব্যাঙ, টিকটিকি, তিন তাশ ও ফিতা খেলা। প্রতিটি আসর থেকে চটকদার ঘোষণায় দলে দলে দিনমজুর, স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা আসরে যোগ দিচ্ছেন। এসবের মধ্যে চলছে মাদকসেবন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ফায়েজুর রহমান বলেন, ‘মেলায় হাজার হাজার লোক। আমাদের সীমিত লোক দিয়ে তো সবার প্রতি নজর রাখা যায় না। আমাদের লোকজনের সামনে কেউ কোনো অপরাধ করছে না। করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’