যাত্রী অধিকার ফোরামের সমাবেশে হামলার প্রতিবাদে বাসদের বিক্ষোভ
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।দুপুর ১২টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা বাসদের কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস। বক্তব্য দেন, বাসদের জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি সেলিম মাহমুদ। বক্তারা বলেন, বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে। এভাবে দমনপীড়ন চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। ফোরামের আন্দোলনে সমগ্র নারায়ণগঞ্জবাসীর সমর্থন রয়েছে।গত বুধবার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মিছিলে পুলিশের হামলায় দুই পুলিশসহ ২৫ জন আহত হয়। ওই ফোরাম ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলন করছে। এদিকে ওই হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ১৪ দল। গতকাল বৃহস্পতিবার জেলা ১৪ দলের পক্ষে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বিবৃতিতে বলেন, ‘প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা কিছু কর্মকর্তা সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরাই অতি উৎসাহী হয়ে ওই হামলার নির্দেশ দেন। আমরা হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’