যাত্রী ও আয় নেমেছে অর্ধেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলে নাশকতা
রেলে নাশকতা

বিরোধী দলের ডাকা অবরোধে নাশকতার কারণে গত ছয় দিনে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসংখ্যা ও আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত পাঁচ বছরে রেল খাতে করা প্রায় ১৮ হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়েছে।
নাশকতার কারণে প্রাণহানি এড়াতে ও ক্ষয়ক্ষতি কমাতে ট্রেনের গতি কমিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। গত ছয় দিনে রেলে ৮৮টি নাশকতা হয়েছে। এর মধ্যে গত শনিবার রাতে ও গতকাল রোববার অন্তত আটটি নাশকতা হয়েছে। ফিশপ্লেট খুলে ফেলায় শনিবার গভীর রাতে রাজশাহীতে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি এবং কুমিল্লায় গতকাল রাতে মহানগর গোধূলীর ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়েছে। কুমিল্লায় বগি লাইনচ্যুতির ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক যাত্রী।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, রেলে যাত্রী ও মালামাল—দুটিই সবচেয়ে বেশি পরিবহন করা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়ে। কিন্তু অবরোধের কারণে যাত্রী ও আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। রেলের বিভিন্ন বিভাগের ও গুরুত্বপূর্ণ স্টেশনের হিসাব পর্যালোচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ সারা দেশের একটি চিত্র তৈরি করেছে। এতে রেল কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে, অবরোধে গতকাল পর্যন্ত সারা দেশে যাত্রী ও আয় প্রায় অর্ধেক কমেছে। এমন নাশকতা অব্যাহত থাকলে আয় ব্যাপকভাবে কমে যাবে বলে কর্মকর্তারা মনে করছেন।
রেল সূত্র জানায়, ঢাকার কমলাপুর ও বিমানবন্দর এবং সিলেট, ময়মনসিংহ, জয়দেবপুর, ভৈরব বাজারসহ ঢাকা অঞ্চলের ২১টি স্টেশনের যাত্রী ও আয়ের তুলনা করেছে রেলওয়ে। তুলনামূলক ওই চিত্রে দেখা গেছে, গত ১৬ নভেম্বর এই ২১টি স্টেশন থেকে ৪৫ হাজার ৩৯৭ জন যাত্রী যাতায়াত করে। আয় হয় প্রায় ৬৪ লাখ টাকা। কিন্তু ২৭ নভেম্বর ওই ২১টি স্টেশন থেকে যাত্রী যাতায়াত করে ২৩ হাজার ৭০ জন, আয় হয় ৩৫ লাখ সাত হাজার টাকা। ১৬ নভেম্বর হরতাল কিংবা অবরোধ ছিল না। ২৭ নভেম্বর ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি ছিল।
সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে রেলে ৫৩ লাখ ৪০ হাজার যাত্রী যাতায়াত করে। আয় হয় প্রায় ৪৪ কোটি টাকা। ওই সময় প্রতিদিনের গড় আয় দেড় কোটি টাকা। কিন্তু অবরোধের কারণে ২৬ নভেম্বর থেকে দৈনিক আয় এক কোটি টাকার নিচে নেমে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, মহাজোট সরকারের আমলে রেল খাতে ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি নতুন প্রকল্প নেওয়া হয়। প্রায় আট হাজার কোটি টাকার ১৭টি পুরোনো প্রকল্প প্রস্তাব সংশোধন করে অনুমোদন দেওয়া হয়। এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের অধীনে প্রায় নয় হাজার ১৫৫ কোটি টাকার চুক্তি সই হয়েছে। এসব প্রকল্পের কয়েকটি বাস্তবায়িত হয়েছে এবং কয়েকটি বাস্তবায়নাধীন।

রেলের মহাপরিচালক আবু তাহের গতকাল বলেন, রেলে বিনিয়োগের সুফল পাওয়া শুরু হয়েছে। এ সময় নাশকতা চলতে থাকলে এর উপকারভোগী সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

বিপর্যস্ত সময়সূচি: রেল সূত্র জানায়, নাশকতার কারণে যাতে প্রাণহানি না হয় এবং ক্ষয়ক্ষতি কম হয়, সে জন্য প্রতিটি ট্রেনের গতিবেগ কমিয়ে দেওয়া হচ্ছে। পথে পথে বাধা ও গতি কম থাকায় কোনো ট্রেনই সময়মতো ছাড়তে ও গন্তব্যে পৌঁছাতে পারছে না। ২৬ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত সারা দেশে প্রায় ৬০টি ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। বন্ধ রাখা হয়েছে ১৫টি ডেমু ও তেলবাহী ট্রেন।

এর মধ্যে সর্বোচ্চ ২৮টি ট্রেনের যাত্রা বাতিল হয় ২৭ নভেম্বর। এক দিনে এত ট্রেনের যাত্রা বাতিল নিকট অতীতে আর হয়েছে কি না, তা রেলের কোনো কর্মকর্তা মনে করতে পারেননি।

গতকাল চট্টগ্রাম থেকে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই ঢাকায় এক থেকে ছয় ঘণ্টা পর্যন্ত দেরিতে এসেছে এবং ছেড়েছে।

মহানগর গোধূলী ঢাকা থেকে ছেড়ে শনিবার রাত ১১টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা থাকলেও সেটি পৌঁছায় গতকাল বেলা সোয়া একটায়। সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে দুই ঘণ্টা দেরিতে ছেড়ে চট্টগ্রামে পৌঁছায় ছয় ঘণ্টা দেরিতে।

চট্টগ্রাম স্টেশনে রশিদুল গনি নামের এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে সিলেটে যেতে হচ্ছে। এ অবস্থায় কেউ কি ঘর থেকে বের হয়? তিন ঘণ্টা ধরে স্টেশনে বসে আছি।’

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহাম্মদ বলেন, আর কোনো নাশকতা না হলে দুই দিনে ভেঙে পড়া সময়সূচি ঠিক করা যাবে।

নাশকতা থামছে না: ২৬ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত রেললাইনে আগুন, ফিশপ্লেট ও লাইন তুলে ফেলা, ট্রেনে আগুন, ভাঙচুরসহ সারা দেশে ৮৮টি ঘটনা ঘটেছে।

রেল সূত্র জানায়, শনিবার গভীর রাতে রাজশাহীর সারদা স্টেশনের কাছে নন্দনগাছিতে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। নন্দনগাছির কাছাকাছি আরও দুটি স্থানে লাইন উপড়ে ফেলায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। সকালে ধূমকেতুর যাত্রীদের অন্য একটি ট্রেনে রাজশাহী স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর স্টেশনের অদূরে সিন্দুরিয়া সেতুর কাছে রেললাইনের ১০০ ফুট এলাকার ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় গতকাল রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলীর ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী কম-বেশি আহত হয়। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজাপুর স্টেশনের স্টেশনমাস্টার মো. মোর্শেদ আলম বলেন, ফিশপ্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ অপতৎপরতা চালানো হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য লাকসাম জিআরপি থানার ওসি শহিদুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার রাত পৌনে আটটার দিকে ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন রাজশাহী ছেড়ে কিছু দূর যাওয়ার পর চালক রেললাইনে আগুন দেখে ট্রেনটি রাজশাহীতে ফিরিয়ে নেন।

চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের স্টেশনের কাছে নাওড়ায় একটি রেলসেতুর ফিশপ্লেট শনিবার রাতে খুলে ফেলেন অবরোধকারীরা। ভোর ছয়টার দিকে বিষয়টি জানার পর তা মেরামত করা হয়। এ কারণে ওই পথে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

ময়মনসিংহের ত্রিশালের ফাতেমানগর ও আহাম্মদাবাদ রেলস্টেশনের বারইগাঁওয়ে দুপুরে দুই ফুট লাইন কেটে ফেলা হয়। পরে তা মেরামত করা হয়। সকাল সাড়ে ১০টায় নাটোরের নলডাঙ্গা রেলস্টেশনে দুর্বৃত্তরা উত্তরা এক্সপ্রেসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করলে জনতার ধাওয়ায় পালিয়ে যায়।

কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে লেভেল ক্রসিংয়ের কাছে সকালে রেললাইনের ওপর বড় বড় পাথর ও লাইনের দুটি পাত আড়াআড়ি ফেলে রাখেন অবরোধকারীরা। কিছুক্ষণ পর ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ওই পথ অতিক্রমের সময় কিছু দূর গিয়ে বিকট শব্দে থেমে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

[তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী; চাঁদপুর, নাটোর, লাকসাম (কুমিল্লা) ও ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি]।