যাত্রী ও চালকের জন্য উবারের ৫ নিয়ম
যাত্রী ও চালকদের প্রত্যাশিত ব্যবহার কেমন হবে তা নির্ধারণ করতে নির্দেশিকা প্রণয়ন করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। আজ বৃহস্পতিবার উবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশিকা প্রণয়নের বিষয়টি জানানো হয়।
যেসব কারণে যাত্রী ও চালকেরা উবার ব্যবহার করা থেকে বঞ্চিত হতে পারেন, সে বিষয়গুলো এই নির্দেশিকায় ব্যাখ্যা করেছে উবার। সবার যাত্রা উপভোগ্য করে তোলার জন্য উবার এই নির্দেশিকাতে পাঁচটি নিয়মের ওপর গুরুত্বারোপ করেছে। নির্দেশিকায় উল্লেখিত নিয়মগুলো হচ্ছে—
একে অপরকে সম্মান দিন
আপনার সঙ্গী যাত্রী ও চালকদের সঙ্গে সেভাবে ব্যবহার করুন, যে ব্যবহার আপনি নিজে অন্যের কাছ থেকে প্রত্যাশা করেন। অর্থাৎ, অন্যকে সম্মান দেখান। চিৎকার করে কথা না বলা, জোরে বা আওয়াজ করে দরজা বন্ধ না করা—এসব স্বাভাবিক ভদ্রতা। আপনার যাত্রার পরিশেষে আবর্জনা সঙ্গে নিয়ে কিংবা ছড়িয়ে পরা পানি পরিষ্কার করে, অন্য যাত্রীকে আপনার মতো একটি পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রার সুযোগ করে দিন। এটি মনে রাখা যে আপনি যখন উবার ব্যবহার করবেন, তখন আপনার সঙ্গে সে রকম ব্যক্তিবর্গের সাক্ষাৎ হতে পারে, যারা আপনার চেয়ে দেখতে আলাদা বা যাদের চিন্তা ভাবনা আপনার চেয়ে আলাদা। অনুগ্রহ করে এই ভিন্নতাগুলোকে সম্মান দিন। আমরা চাই যে উবার ব্যবহার করার সময় প্রত্যেকে স্বাচ্ছন্দ্য বোধ করুক।
যাত্রী ও চালকদের কিছুটা নিজস্ব পরিসর দিন
আমরা সবাই আমাদের নিজস্ব পরিসর এবং গোপনীয়তাকে প্রাধান্য দিই। গাড়ির মধ্যে অন্যের সঙ্গে গল্প করতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনুগ্রহ করে কারও চেহারা সম্পর্কে মন্তব্য করবেন না। কাউকে জিজ্ঞেস করবেন না যে, তিনি অবিবাহিত কি না। একজন যাত্রী হিসেবে আপনার যদি একটি ফোন করার প্রয়োজন হয়, তাহলে আপনি আস্তে কথা বলুন। খেয়াল করবেন আপনার চালক বা অন্য যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। গাড়ির অন্য যাত্রীদের স্পর্শ করবেন না বা তাঁদের সঙ্গে প্রেমাভিনয় করবেন না। মনে রাখতে হবে, উবার-এ যাত্রার সময় কোনো অবস্থাতেই যৌন সংসর্গের সুযোগ নেই। যা-ই হোক না কেন, চালক এবং সঙ্গী যাত্রীদের মধ্যে কোনো যৌন আচরণ করা যাবে না।
নিরাপত্তাই প্রথম
অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি স্থানীয় আইন মেনে চলছেন। আমাদের যাত্রীদের নিরাপত্তার পরামর্শগুলো ভালো করে দেখুন। আপনি সামনের আসনে বা পেছনের আসনে যেখানেই বসুন না কেন, যখনই আপনি গাড়িতে ঢুকবেন নিরাপত্তার ফিতাটি বাঁধুন (সেফটি বেল্ট)। নিরাপত্তার বিষয়ে উবার চালকদেরও একটি নির্দিষ্ট দায়িত্ব আছে। অর্থাৎ, গতি সীমার মধ্যে রাখা; গাড়ি চালানোর সময় ফোনে বার্তা না পাঠানো; সব সময় ফোন রাখার একটি জায়গা ব্যবহার করা এবং মদ্যপ বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি না চালানো। আপনি যদি গাড়ি চালান এবং ক্লান্ত বোধ করেন, একটু বিশ্রাম নিন।
সন্তানদের অবশ্যই তত্ত্বাবধান করতে হবে
শুধু প্রাপ্ত বয়স্কদেরই একটি উবার যাত্রী অ্যাকাউন্ট থাকতে পারে। যদি আপনার সন্তান আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে, বাবা-মা বা একজন অভিভাবককে সব সময় তাদের সঙ্গে থাকতে হবে।
আপনার প্রতিক্রিয়া আমাদের জানান
আপনি একজন যাত্রী হন বা একজন চালক, অনুগ্রহ করে যাত্রার শেষে আপনার যাত্রাকে রেট করবেন। আন্তরিক প্রতিক্রিয়া বিষয়টি সুনিশ্চিত করতে আমাদের সহায়তা করে যে প্রত্যেকেই তাদের আচরণের জন্য কৈফিয়তযোগ্য। এই কৈফিয়তযোগ্যতা যাত্রী ও চালক উভয়ের ক্ষেত্রেই একটি সম্মানজনক এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করে। একটি যাত্রার সময় যদি কিছু ঘটে, সেটি একটি যাত্রা পথের দুর্ঘটনা বা বচসা যা-ই হোক; অ্যাপ-এ হেল্প-এর (সাহায্য) মাধ্যমে সেটিকে অবশ্যই রিপোর্ট করুন যেন আমাদের গ্রাহক সহায়তা দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। একজন যাত্রী বা চালক হিসেবে যে বিশেষ ধরনের আচরণগুলো আপনাকে উবার-এ প্রবেশাধিকার থেকে বঞ্চিত করতে পারে, উবার নির্দেশিকা সেগুলোকে ব্যাখ্যা করতে সহায়তা করবে।