যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিচ্ছে বিজিবি
ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ রাখতে নানা স্তরে নিরাপত্তাব্যবস্থা দিচ্ছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। মহাসড়কে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ব্যবস্থা অব্যাহত থাকবে।
বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে এসব কথা বলেন। চট্টগ্রামের হালিশহরে দক্ষিণ-পূর্ব রিজিয়নের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
হাবিবুল করিম বলেন, সরকারের নির্দেশে ৭ জানুয়ারি থেকে দক্ষিণ-পূর্ব অঞ্চলের আওতাধীন কক্সবাজার থেকে ফেনী পর্যন্ত পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এ জন্য সীতাকুণ্ড, মিরসরাই, ঈদগাহ, চকরিয়াসহ অনেকগুলো অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিজিবির অস্থায়ী ক্যাম্প, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যদের অবস্থান ও ভ্রাম্যমাণ দলের নিয়মিত টহল—এই তিনভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় বিজিবির কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম।