যাত্রী দুর্ভোগের আরেক নাম মহুয়া এক্সপ্রেস
ঢাকা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ পর্যন্ত চলাচলকারী ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময়সূচি মেনে চলাচল না করায় যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রুটে এটাই একমাত্র এক্সপ্রেস ট্রেন। রেল সূত্রে জানা যায়, ট্রেনের সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে এসে সন্ধা ছয়টায় নেত্রকোনা স্টেশনে এবং সাতটা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছার কথা। কিন্তু ট্রেনটি প্রায়ই এক ঘণ্টা দেরিতে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর অঞ্চলের যাত্রীরা এ ট্রেনে চলাচল করে। গভীর রাতে মোহনগঞ্জ পৌঁছার পর দূর-দূরান্তের যাত্রীদের স্টেশনে বসে রাত কাটাতে হয়। তা ছাড়া প্রতি মাসে পাঁচ-সাত দিন ইঞ্জিন ও যাত্রীবাহী কামরার অভাবে এ ট্রেন বাতিল করা হয়। ফলে যাত্রীদের বিপাকে পড়তে হয়। অনেক যাত্রী তাঁদের দুর্ভোগের কথা এই প্রতিবেদককে জানিয়েছেন। মোহনগঞ্জ একতা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আজহারুল ইসলাম বলেন, ‘আগে ট্রেনেই মালামাল পাঠাতাম। এখন বাই রোডে পাঠাই। ট্রেনের অব্যবস্থাপনার কারণে মাল পাঠানো বন্ধ করে দিয়েছি।’ এ ব্যাপারে নেত্রকোনার স্টেশনমাস্টার সৈয়দ মো. রাকিবুজ্জামান জানান, ইঞ্জিন ও রেলের বগির অভাবে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারছে না। এ রেলপথে একটি আন্তনগর ট্রেন চালু ও মহুয়া এক্সপ্রেস ট্রেনটি যাতে সঠিকভাবে চলাচল করে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।