যাত্রী নামিয়ে চলাচল করে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের আরশীনগর থেকে রায়পুরা উপজেলা পর্যন্ত ২৪ কিলোমিটার সড়কের প্রায় পুরোটাই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কের অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টির কারণে দুর্ঘটনার আশঙ্কায় ওই সব স্থানে যাত্রী নামিয়ে দিয়ে চলাচল করে যানবাহন। সড়কটি সংস্কারের দাবিতে ধর্মঘট, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।রায়পুরা উপজেলার বেশির ভাগ অঞ্চলের অর্থনীতি সবজিনির্ভর। সবজি বাজারজাত এবং অন্যান্য কাজে উপজেলার বিশাল জনগোষ্ঠী জেলা শহরে যাতায়াতের প্রয়োজনে আরশীনগর-হাইরমারা-রায়পুরা সড়কটি বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করে আসছে। সবজি বাজারজাতের জন্য এই সড়কে ছোট যানের পাশাপাশি বড় যানও চলাচল করে।আরশীনগর থেকে রায়পুরা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কটির অধিকাংশ জায়গায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। শহরের সংগীতা থেকে বদরপুর ব্রিজ পর্যন্ত রাস্তার বেশির ভাগ জায়গায় কার্পেটিং নেই বললেই চলে। এর মধ্যে সড়কের সদর উপজেলার বন বিভাগ মোড়, গাবতলী মোড়, মাদ্রাসা মোড়, কাচারি মোড়, পুরানপাড়া, বদরপুর এবং রায়পুরা উপজেলার হাইরমারা, চসুবুদ্ধি বাজার, পুলের ঘাট, গয়েস আলী মাস্টারবাড়ির মোড় ও হাঁটুভাঙ্গা রেলক্রসিং এলাকায় অসংখ্য বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব জায়গায় ভারী যানবাহন চলে ঝুঁকি নিয়ে। গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কায় অনেক জায়গা দিয়ে যাত্রী নামিয়ে যান চলাচল করে।ওই সড়কের সিএনজিচালিত অটোরিকশাচালক মনসুর আলী প্রথম আলোকে বলেন, ‘সড়কটার গাঁতার কথা কইয়া আর লাভ নাই। প্রত্যেক দিনই গাড়ির কোনো কোনো যন্ত্র ভাংতাছে। আর আগে আট-দশটা টিপ মারতে পারতাম। আর অহনে চারটা মারলেই শরীরে আর কুলায় না। জ্বর আইসা পড়ে।’সেলিম সরকারের অনেকগুলো সিএনজিচালিত অটোরিকশা চলে এই সড়কে। তিনি বলেন, ‘একটা সিএনজি সাড়ে চার লাখ টাকা দিয়া কিনার পরে কমপক্ষে চার-পাঁচ বছরেও কিছু হয় না। আর এই রাস্তায় ছয় মাসে আমার লাভ হইব তো দূরের কথা, ছয়টা সিএনজির পিছনে ৭০ হাজার টাকা ঋণ করতে হইছে। ব্যবসা করুম কেমনে?’নরসিংদী সিএনজির মালিক ও শ্রমিক সমিতির সভাপতি বাদল সরকার জানান, এই সড়কে প্রায় ৪০০ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। কিন্তু রাস্তা বেহালের কারণে যাত্রীদের যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, সিএনজির মালিকদেরও ক্ষতি হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য তাঁরা বিভিন্ন সময় ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করেছেন কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নরসিংদীর নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সড়কটির অবস্থা আসলেই খুব খারাপ। এটি সংস্কারের জন্য প্রায় আড়াই কোটি টাকা প্রয়োজন। গত অর্থবছরে চেয়েও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। আশা করছি, সামনের অর্থবছরে পেয়ে যাব।’নির্বাহী প্রকৌশলী জানান, আগামী বর্ষা মৌসুমের কথা চিন্তা করে আপাতত গর্তগুলো ভরাটের জন্য অর্থ বরাদ্দ চেয়ে আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে আবেদন করা হবে।