যাত্রী নামিয়ে দিয়ে ট্রেনের বগিতে আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে ছেড়ে দেওয়া খুলনাগামী রকেট মেইল ট্রেনের যাত্রীবাহী বগিতে মালামাল বহন করা হচ্ছে। গত সোমবার ট্রেনটি জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনে পৌঁছলে যাত্রীবাহী বগিগুলো থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে সেখানে আলুর বস্তা ওঠানো হয়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ওই দিন বিকেলে ওই রেলস্টেশনে দেখা যায়, ওই ট্রেনটির প্রায় সব যাত্রীবাহী বগিতেই আলুর বস্তা ওঠানো হয়েছে। আলুর বস্তা দিয়ে সাতটি যাত্রীবাহী বগির ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ফটক বন্ধ থাকায় এসব বগিতে যাত্রীরা উঠতে পারেননি। যাত্রীরা জানান, বিভিন্ন স্টেশনেই যাত্রীবাহী বগিতে মালামাল ওঠানো হয়েছে। আক্কেলপুর স্টেশনে পৌঁছার পর যাত্রীবাহী বগি থেকে তাঁদেরকে নামিয়ে দিয়ে আলুর বস্তা ওঠানো হয়। যাত্রীরা কোন বগিতে যাবেন তা ট্রেনের দায়িত্বরত পরিচালক, ট্রেনের ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট স্টেশন মাস্টারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। পুলিশ এসেও যাত্রীবাহী বগিতে মালামাল তোলা বন্ধ করতে পারেননি। যাত্রী আনিছুর রহমান জানান, ট্রেনের ভেতরে দাঁড়িয়ে থাকব এমন জায়গাও ফাঁকা রাখা হয়নি।
স্টেশন মাস্টারের কার্যালয় সূত্র জানায়, টানা হরতাল-অবরোধের কারণে রেলপথে মালামাল পরিবহনের প্রবণতা বেড়েছে। রকেট মেইল ট্রেনটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া আছে। এ ট্রেনে মালামাল পরিবহনের দুটি বগি থাকার কথা থাকলেও ট্রেনটিতে একটি বগি আছে। এ কারণে যাত্রীবাহী বগিতে মালামাল বহন করা হচ্ছে। ওই ট্রেনের কাউন্টার ব্যবস্থাপক আমির হোসেন জানান, গত সোমবার এ ট্রেনে নয় শ বস্তা আলু বুকিং দেওয়া হয়েছে। ট্রেনটিতে মালামাল বহনের বগি-সংকট থাকায় যাত্রীবাহী বগিতে আলু ওঠানো হয়েছে।
ট্রেনের পরিচালক সঞ্জীব বিশ্বাস বলেন, ‘ট্রেনের যাত্রীবাহী বগিতে মালামাল ওঠানো আইনসিদ্ধ নয়। কর্তৃপক্ষ মালামাল বহনের বগি সংযোজন না করলে আমার করার কিছুই নেই।’ তবে আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, কাঁচা মালামাল বহনের জন্য বিশেষ ট্রেন দিলে এমন সমস্যা থাকবে না। তাঁরা বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক জানান, যাত্রীদের নামিয়ে দিয়ে বগিতে বগিতে আলুর বস্তা তোলা হচ্ছিল। এ নিয়ে ট্রেনের যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে তিনি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।