যাত্রী নামিয়ে দিয়ে বাসে আগুন দিল অজ্ঞাত তরুণেরা
সাভারের জালেশ্বর এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি বাসে আগুন দিয়েছে কয়েকজন তরুণ। এতে যাত্রীদের কেউ হতাহত হয়নি। সাভার থানার পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রামীণ সেবা পরিবহনের একটি বাস গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ডে পৌঁছালে তিন তরুণ ওই বাসে ওঠে। পরে বাসটি রাবেয়া ক্লিনিকের কাছে পৌঁছালে ওই তিন তরুণসহ সেখানে অপেক্ষমাণ আরও বেশ কয়েকজন যাত্রীদের নামিয়ে দিয়ে কেরোসিন ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বাসের চালক বিল্লাল হোসেন বলেন, নারায়ণগঞ্জ যাওয়ার জন্য কয়েকজন তরুণ গত শুক্রবার তাঁর বাস ভাড়া নিতে চেয়েছিলেন। কিন্তু ভাড়ায় বনিবনা না হওয়ায় তিনি নারায়ণগঞ্জে যেতে রাজি হননি। জিরানি যাওয়ার পথে ওই তরুণেরাই গতকাল সাভার বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠে। সাভার থানার সহকারী পরিদর্শক (এএসআই) কাউসার মাতাব্বর বাসটিতে আগুন লাগানোর বিষয়টি নিশ্চিত করলেও কারা আগুন লাগিয়েছে, তা বলতে পারেননি।