যাত্রী নিরাপত্তায় পুলিশ তথ্য কেন্দ্র কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনযাত্রীদের প্রায় প্রতিদিন ছিনতাইকারীর কবলে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অথচ যাত্রী নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত সহায়তার জন্য প্লাটফর্মে একটি পুলিশ তথ্যকেন্দ্র রয়েছে। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, কয়েকজন পুলিশ সদস্য প্লাটফর্মে থাকলেও তাঁরা সব সময় চেয়ার-টেবিলে বসে গল্পগুজবে মত্ত থাকেন। যাত্রী নিরাপত্তায় তাঁদের কোনো তৎপরতা দেখা যায় না।

সরেজমিনে গত বুধবার দুপুরে দেখা যায়, প্ল্যাটফর্মে ‘পুলিশ তথ্যকেন্দ্র, যাত্রী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করুন’ লেখা সংবলিত একটি সাইনবোর্ড লাগিয়ে কয়েকজন পুলিশ সদস্য বসে গল্পগুজব করছেন। দেখে বোঝার উপায় নেই যে তাঁরা যাত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই স্টেশনে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার যাত্রীর সমাগম হয়। এই যাত্রীদের মধে৵ প্রতিদিনই কেউ না কেউ ছিনতাইকারীদের কবলে পড়ছেন। সর্বশেষ গত মঙ্গলবার সকালে আসমাউল হুসনা নামে ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ছিনতাইকারীর কবলে পড়ে ব্যাগসহ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র খোয়ান। এ ছাড়া গত শনিবার পৌর শহরের বাসিন্দা ফারহানা মাহবুব নামের এক ট্রেনযাত্রী ছিনতাইকারীর কবলে পড়ে টাকাসহ সঙ্গে থাকা ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়ান। এ ধরনের ঘটনা প্রায় প্রতিদিন ঘটলেও জিআরপি থানায় কোনো অভিযোগ দেননি কেউ।

ছিনতাইকারীর কবলে পড়া ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমাউল হুসনা বলেন, প্রতিদিন কেউ না কেউ ছিনতাইকারীর কবলে পড়ছেন। কিন্তু প্লাটফর্মে থাকা পুলিশ সদস্যরা সেখানে বসে বসে গল্পগুজব করে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান। ট্রেন আসে, ট্রেন ছেড়ে যায়। কিন্তু তাঁরা বসেই থাকেন। যাত্রীদের বসার আসনগুলো নিয়ে তাঁরা বসে বসে গল্পগুজব ছাড়া কিছুই করেন না। তাঁদের কারণে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা বসার জায়গাও পান না। তিনি আরও বলেন, থানায় অভিযোগ করে কী হবে। ঘটনাস্থলে থেকেও তো তাঁরা কোনো কিছু করেন না।

হাজিপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি ঢাকায় যাওয়ার জন্য স্টেশন প্লাটফর্মে এসেছিলেন। তিনি বলেন, ‘যাত্রী নিরাপত্তার নামে পুলিশ সদস্যরা তামাশা করছেন। তাঁদের এভাবে বসে বসে দায়িত্ব পালন করার সুযোগ তো ছিনতাইকারী বা দুষ্কৃতকারীরা নিতেই পারে। এই তথ্যকেন্দ্রটা যে কারণে বসানো হয়েছে, তার কোনো সুফলই আমরা পাই না। উল্টো কেউ ছিনতাইকারীর কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই তথ্যকেন্দ্রে গিয়ে জানাতে হবে সমস্যার কথা। ততক্ষণে ট্রেন চলে যাবে।’

জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল ইসলাম মজুমদার বলেন, ‘ছিনতাইকারীর কবলে পড়া কোনো যাত্রীর অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে আমাদের কিছুই করার থাকে না। প্লাটফর্মে ট্রেন ঢোকার সময় গোটা ট্রেন পুলিশ সদস্যরা নিরাপত্তার মধ্যে রাখেন। ট্রেন ছেড়ে যাওয়ার পর হয়তো কোনো সময় তাঁরা (পুলিশ সদস্য) বসে থাকতে পারেন। কেউ ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’