যাত্রী নিরাপত্তায় সেনা ও বিজিবি মোতায়েনের দাবি
ঈদে যাতায়াতের নিরাপত্তায় সেনা ও বিজিবির সদস্য মোতায়েনসহ ছয় দফা সুপারিশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই সুপারিশ করেন।
লিখিত বক্তব্যে আশীষ কুমার দে বলেন, প্রতিবছর দুটি ঈদের ১০ দিন আগে থেকে ঈদ-পরবর্তী ১০ দিন পর্যন্ত সারা দেশে লাখ লাখ মানুষ যাতায়াত করে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত পাঁচ থেকে ছয় গুণ বেশি। এই বিপুলসংখ্যক মানুষের চলাচলের প্রধান তিনটি মাধ্যম হচ্ছে নৌ, সড়ক ও রেলপথ। কিন্তু অস্বাভাবিক এই জনস্রোত সামাল দিতে সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেমন হিমশিম খান, তেমনি অনেক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে। এ ছাড়া যাত্রী দুর্ভোগ ও হয়রানির ঘটনা অহরহ ঘটে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার অধিকাংশ ঘটে সংশ্লিষ্ট লোকজনের অব্যবস্থাপনা, অদক্ষতা, অর্থলিপ্সা ও খামখেয়ালিপনায়।
সংবাদ সম্মেলনে গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান বলেন, প্রতি ঈদেই পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা দায়িত্ব পালন করলেও যাত্রী হয়রানি ও দুর্ভোগ কমে না। গত দুই বছর নৌ-দুর্ঘটনা তেমন না ঘটলেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং রেলপথের যাত্রীদের দুর্দশা থেমে নেই। তাই ঈদ উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করা আবশ্যক।
নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির দেওয়া সুপারিশগুলো হলো—৩ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাট, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন, রাজধানীর সব বাস টার্মিনালসহ দেশের বিভাগীয় শহরের রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে সেনাবাহিনী মোতায়েন; অনিবন্ধিত, ত্রুটিপূর্ণ, রুট পারমিটবিহীন বাসসহ সব ধরনের যান চলাচল এবং ধারণক্ষমতার অতিরিক্ত ও ছাদে যাত্রী পরিবহন বন্ধে ৩ সেপ্টেম্বর থেকে একযোগে ৬৪ জেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা; গুরুত্বপূর্ণ সব মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন; ২৪ ঘণ্টা টহলের ব্যবস্থা করা; অবৈধ, ত্রুটিপূর্ণ লঞ্চসহ সব ধরনের নৌযান, মাঝনদীতে লঞ্চ থামিয়ে যাত্রী, মালামাল ওঠানামা ও ছাদে যাত্রী পরিবহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধির জন্য নৌপরিবহন অধিদপ্তরের অধীনে প্রেষণে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ; নৌপথে ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজি বন্ধে নৌ-পুলিশের পাশাপাশি থানা-পুলিশ ও কোস্টগার্ডের টহল জোরদার; ট্রেনের টিকিট কালোবাজারিসহ রেলপথে যাত্রী হয়রানি বন্ধে দেশের সব আন্তজেলা রেলস্টেশনগুলোতে রেল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং দুর্ঘটনা রোধে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি তুষার রেহমান, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক মুর্শিকুল ইসলাম, সিপিবির নেতা সেকেন্দার হায়াত প্রমুখ।