যাত্রী নেই তাই...
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল রোববার চট্টগ্রাম নগরের রাস্তায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) দুটি দোতলা বাস নেমেছিল। ৮-১০ কিলোমিটার পথ ঘুরে বাস দুটি আবার বাসস্ট্যান্ডে ফেরত আসে।জানা গেছে, হরতাল চলাকালে কদমতলী বাসস্ট্যান্ড থেকে রাস্তায় নামানো হয় সরকারি দুটি দোতলা বাস। কিন্তু যাত্রী হয়নি বলে বাস দুটি আবার বাসস্ট্যান্ডে ফিরিয়ে নেওয়া হয়। দুটি বাস হঠাৎ বন্ধের কারণ জানতে চেয়ে নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনারের দপ্তর থেকে বিআরটিসির স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।জবাবে বিআরটিসি কর্মকর্তারা জানান, রাস্তায় গাড়ি চললেও যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে কদমতলী, টাইগারপাস, আগ্রাবাদ ঘুরে বাস দুটি স্ট্যান্ডে রেখে দেওয়া হয়। এর মধ্যে যে জ্বালানি তেল পোড়ানো হয়েছে, তার পয়সাও ওঠেনি। তাই আর চালানো হবে না।বিআরটিসির স্থানীয় বাস বিভাগের ব্যবস্থাপক রফিকুল ইসলাম স্বীকার করেন, রাস্তায় যাত্রী পাওয়া যাচ্ছে না। আজ সোমবার আবার রাস্তায় নামানো হবে বাস দুটি।বিআরটিসির হিসাব মতে, নগরের কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার পথে প্রতিদিন দুবার করে বাস দুটি চলাচলের কথা। দিন হিসেবে বাস দুটি চলার কথা অন্তত ২০০ কিলোমিটার। স্বাভাবিক যাত্রী নিয়ে চলাচল করলে জ্বালানি তেল ও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে এই দুই বাস থেকে বিআরটিসির মুনাফা হয় প্রায় সাত হাজার টাকা। কিন্তু যাত্রী না পাওয়ায় গতকাল এই বাস দুটির কোনো আয় হয়নি।