যাত্রী পরিবহনে আয় বেড়েছে রেলওয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রী পরিবহন করে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। লক্ষ্যমাত্রা ছিল ২৮৯ কোটি ৫২ লাখ টাকা। আয় করেছে ৩০০ কোটি ২৯ লাখ টাকা। আয়ের প্রবৃদ্ধি প্রায় ৪ শতাংশ। অর্থবছরের বাকি পাঁচ মাসেও আয় বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন রেল কর্মকর্তারা।
গত অর্থবছরের প্রথম সাত মাসে পূর্বাঞ্চল রেলওয়ে যাত্রী পরিবহন করে আয় করেছিল ২৩৭ কোটি ৫৬ লাখ টাকা। এবার আয় বেড়েছে ৬২ কোটি ৭৩ লাখ টাকা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে রেলওয়ের পূর্বাঞ্চল গঠিত।
অন্যদিকে পশ্চিমাঞ্চল রেলওয়েতে (রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগ) চলতি অর্থবছরের প্রথম সাত মাসে যাত্রী পরিবহন করে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৫ কোটি টাকা বেশি আয় করেছে বলে জানান প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পশ্চিমাঞ্চল) মিহির কান্তি গুহ। তিনি বলেন, লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১১৫ কোটি টাকা। আয় হয়েছে ১৩৯ কোটি টাকা।
অবশ্য রেলের আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও এখনো বিরাট লোকসানে আছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। ২০১৫-১৬ অর্থবছরে রেলের আয় ১ হাজার ৩৪ কোটি টাকা। ব্যয় হয় ২ হাজার ৩৩৭ কোটি টাকা। লোকসান ১ হাজার ৩০৩ কোটি টাকা। রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলে রেলের বহরে চলতি অর্থবছরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিরতিহীন আন্তনগর ট্রেন সোনার বাংলা এবং ঢাকা-মোহনগঞ্জ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস যুক্ত হয়েছে। এই দুটি ট্রেনের মাসিক গড় আয় প্রায় আড়াই কোটি। সেই হিসাবে গত সাত মাসে দুটি ট্রেন থেকে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা আয় হয়েছে। সোনার বাংলা এবং মোহনগঞ্জ এক্সপ্রেসের আয় বাদ দিলেও আরও প্রায় ৪৫ কোটি বেশি আয় হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী বলেন, ট্রেনের পরিচালন সময় কমে যাওয়ায় যাত্রীরা আগের চেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছে। টিকিট বিক্রির প্রক্রিয়াও সহজ করা হয়েছে। আন্তনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা ঘরে বসেও টিকিট কাটতে পারছেন। এ ছাড়া সব স্টেশনে আন্তনগর ট্রেনের সব গন্তব্যের টিকিট (ফরওয়ার্ডিং টিকিট) সম্প্রতি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেবার মান সার্বিকভাবে উন্নত হওয়ার কারণে যাত্রীরা রেলমুখী হচ্ছে। এ কারণে আয়ও বাড়ছে।
পূর্বাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন আন্তনগর ট্রেনে ১০০টি নতুন কোচ (বগি) যুক্ত করা হয়েছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতটি আন্তনগর ট্রেনের পরিচালন সময় কমানো হয়েছিল। গতকাল বুধবার থেকে ৪২টি আন্তনগর ট্রেনের পরিচালন সময় সর্বনিম্ন ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা ৫ মিনিট পর্যন্ত কমানো হচ্ছে। ফলে এখনকার চেয়ে কম সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবেন। এসব কারণে যাত্রীরা রেলমুখী হচ্ছে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বলেন, রেল খাতে এখনো দুর্নীতি ও টিকিটের কালোবাজারি বন্ধ হয়নি। টিকিট নিয়ে অভিযোগ রয়েছে। রেলকে আলাদা মন্ত্রণালয় করার পর থেকে আয় আরও বাড়া উচিত ছিল। কিন্তু যাত্রী খাতে আয়ের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক নয়। লোকসানের বোঝা কমাতে আয় আরও বাড়ানোর বিষয়ে মনোযোগী হতে হবে রেল মন্ত্রণালয়কে।