যাত্রী পার না করেই মাশুল আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের অধীনে দুটি ফেরিঘাট। ঘাট দুটি ১৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, দুই ঘাটের ইজারাদারই কোনো যাত্রী পার না করে মাশুল (টোল) আদায় করছেন। যাত্রীদের আলাদা ভাড়ায় আলাদা নৌকায় নদী পার হতে হয়। সে ক্ষেত্রে তাঁদের তিন টাকার জায়গায় ১৫ গুণ, অর্থাৎ বেশি ৪৫ টাকা দিয়ে নদী পার হতে হচ্ছে।
এভাবে দীর্ঘদিন ধরে অরাজকতা চলে এলেও তা কর্তৃপক্ষ জানে না বলে তাদের দাবি। বিষয়টি নজরে আনলে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম প্রথম আলোকে বলেন, ‘এর আগে কেউ এ ধরনের অভিযোগ করেনি। এই প্রথম শুনলাম। বিষয়টি দেখছি।’
রাজশাহী নগরের দক্ষিণ পাশে অবস্থিত পদ্মা নদী পারাপারের জন্য এই দুটি ফেরিঘাটের একটির নাম বিষপুর ফেরিঘাট। এটি বড়কুঠি এলাকায় অবস্থিত। অপরটি আমিরপুর ঘাট। শ্রীরামপুর পুলিশ লাইনস এলাকায় অবস্থিত এটি। বিষপুর ঘাটটি গত পয়লা বৈশাখ থেকে আগামী ৩০ চৈত্র পর্যন্ত ১০ লাখ ২০ হাজার টাকায় এবং আমিরপুর ঘাটটি ৫ লাখ ৭০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্ত অনুযায়ী, যাত্রী বহনের জন্য ইজারাদারের নিজস্ব নৌযান থাকতে হবে। যাত্রী ওঠানামার জন্য নিজ খরচে ঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে ইজারাদারকে। ইজারাদার কোনো অবৈধ মালামাল পরিবহন করতে পারবেন না।
শর্ত অনুযায়ী পাঁচ বছরের বেশি বয়সী একজন যাত্রী পারাপারের জন্য ইজারাদার তিন টাকা করে মাশুল আদায় করতে পারবেন। আধা মণ বোঝাসহ একই মাশুল। সাইকেলসহ একজন আরোহীর কাছ থেকে আদায় করতে পারবেন পাঁচ টাকা। একইভাবে সিটি করপোরেশনের নির্ধারিত ৪২ রকম মাশুলের তালিকা রয়েছে। নিয়ম অনুযায়ী এই তালিকা ফেরিঘাটে প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে।
কিন্তু সরেজমিনে দেখা গেছে, দুই ঘাটের কোথাও এই মাশুলের তালিকা টাঙানো নেই। ঘাটের ইজারাদারের নির্ধারিত লোক একটি চেয়ার নিয়ে বসে থাকেন। কিন্তু ইজারাদারের নিজের কোনো নৌকা নেই। যাত্রীরা যে নৌকায় পার হচ্ছেন, এর সঙ্গে ইজারাদারের কোনো সম্পর্ক নেই। তাঁরা আলাদা লোক। তাঁরা নৌকা নিয়ে ঘাটে ব্যবসা করছেন। তাঁরা যাত্রীদের নৌকায় তোলার পর প্রত্যেকের কাছ থেকে ৪৫ টাকা করে আদায় করেন। আর ইজারাদারের প্রতিনিধি সেখান থেকে নেন পাঁচ টাকা করে। এ জন্য কোনো রসিদও দেওয়া হয় না। ইজারাদার কোনো দায়িত্ব পালন না করেই যাত্রীদের কাছ থেকে এই টাকা নেন।
ঘাটের নিয়মিত যাত্রী শাহীন বলেন, সিটি করপোরেশনের তালিকা তাঁরা কোনো দিন চোখে দেখেননি। এটা কোনো যাত্রীর দেখতে চাওয়ার সাহসও নেই।
জানতে চাইলে এক নৌকার মাঝি বলেন, যাত্রীরা যে নৌকাতেই উঠুক, তার জন্য তাঁকে ভাড়া গুনতে হবে। আর ইজারাদারকে দিতে হবে ঘাটের জন্য আলাদা পাঁচ টাকা।
বিষপুর ঘাট ইজারা নিয়েছেন নগরের মাসুদ রানা নামের এক ব্যক্তি। ঘাটে গত মঙ্গলবার বিকেলে উপস্থিত ছিলেন তাঁর এক প্রতিনিধি। তিনি তাঁর পুরো নাম বলতে চাননি। ইজারা বিষয়েও কোনো কথা বলেননি। ইজারাদারের ফোন নম্বরও দেননি তিনি। পরে নম্বর সংগ্রহ করে মাসুদ রানাকে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।