যাত্রী পূর্ণ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ছাড়ছে লঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চে যাত্রীর ভিড় ক্রমেই বাড়ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী। ঢাকা, বুধবার, ১৩ জুন। ছবি: সাইফুল ইসলাম
লঞ্চে যাত্রীর ভিড় ক্রমেই বাড়ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী। ঢাকা, বুধবার, ১৩ জুন। ছবি: সাইফুল ইসলাম

কাউখালী যাবেন মনিরুজ্জামান মিয়া। তাঁর লঞ্চ ছাড়ার সময় সন্ধ্যা সাতটায়। কিন্তু ঈদের যানজটে যদি নির্ধারিত সময়ে টার্মিনালে পৌঁছানো না যায়, তবে তো বাড়ি ফেরাই মাটি হবে! ঠিক এই আশঙ্কা থেকেই যানজট এড়াতে বিকেল চারটায় সদরঘাটে হাজির মনিরুজ্জামান। তাঁর মতো আরও অনেক যাত্রী নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাচ্ছেন সদরঘাটে। আর যাত্রী পূর্ণ হওয়ায় সময়ের আগেই ছেড়ে যাচ্ছে লঞ্চ।

বুধবার সদরঘাট টার্মিনালে এমন চিত্রই দেখা গেছে। তবে টার্মিনালে আসার পথে যানজট থেকে রেহাই মেলেনি। মনিরুজ্জামান বলেন, গুলিস্তান থেকে টার্মিনালে আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। অন্তত ঈদের মৌসুমে সদরঘাট এলাকায় যানজট নিরসনে প্রশাসনের বাড়তি ব্যবস্থা রাখা উচিত।

ঈদ উপলক্ষে সদরঘাট টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় ক্রমে বাড়ছে। তবে সড়কে যানজটের কারণে দক্ষিণাঞ্চলগামী লঞ্চের যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত যেসব যাত্রীবাহী লঞ্চ ঢাকা ছেড়ে গেছে, তার বেশির ভাগই অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করছিল। ডিএমপি কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বদরুল হাসান বলেন, সদরঘাটগামী লঞ্চের যাত্রীদের হয়রানি ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের একাধিক দল দায়িত্ব পালন করছে। গুলিস্তান থেকে সদরঘাট টার্মিনাল এলাকা পর্যন্ত আড়াই শ ট্রাফিক ও পুলিশ সদস্য কাজ করছেন।

স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল। ঢাকা, বুধবার, ১৩ জুন। ছবি: সাইফুল ইসলাম
স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল। ঢাকা, বুধবার, ১৩ জুন। ছবি: সাইফুল ইসলাম

সদরঘাট টার্মিনাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫৪টি লঞ্চ ঢাকা নদীবন্দর ছেড়ে গেছে। ভোর থেকেই দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা টার্মিনালে আসতে থাকে। যাত্রী পরিপূর্ণ হওয়ায় বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশে ১২টি লঞ্চ নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেয়। বুধবার সকাল থেকে চাঁদপুরগামী যাত্রী বেশি দেখা গেছে। দুপুরের পর থেকে টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

দেওয়ানবাড়িগামী কর্ণফুলী-৩ লঞ্চের কর্মচারী মো. জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের লঞ্চ ছাড়ার নির্ধারিত সময় ছিল বিকেল চারটা। লঞ্চের যাত্রী পরিপূর্ণ হওয়ায় বিআইডব্লিউটিএর লোকজন এসে বেলা দুইটার দিকে লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করেন।’

লঞ্চের যাত্রীরা বেশি ভাড়া নেওয়ার অভিযোগও করছেন। ভান্ডারিয়াগামী ‘অভিযান’ লঞ্চের যাত্রী ইলিয়াস আলী অভিযোগ করে বলেন, লঞ্চের ডেকের ভাড়া চাওয়া হচ্ছে ৩০০ টাকা। কিন্তু গত সপ্তাহে ছিল ২২০ টাকা। সরকারের লোকজন অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না বললেও মালিকেরা ঠিকই নিচ্ছেন।

তবে যাত্রীদের এই অভিযোগ অস্বীকার করেন ‘অভিযান’ লঞ্চের মালিক বাচ্চু মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, লঞ্চের ভাড়া বেশি নেওয়া হচ্ছে না বরং আগের নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে।

যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেওয়া হচ্ছে লঞ্চ। ঢাকা, বুধবার, ১৩ জুন। ছবি: সাইফুল ইসলাম
যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেওয়া হচ্ছে লঞ্চ। ঢাকা, বুধবার, ১৩ জুন। ছবি: সাইফুল ইসলাম

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার উপদেষ্টা কামাল হোসেন বলেন, বুধবার টার্মিনালে যাত্রীর সংখ্যা অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি। আগামীকাল বৃহস্পতিবার গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়তে পারে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লঞ্চে নির্ধারিত যাত্রী বোঝাই করার আগেই লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫৪টি লঞ্চ বন্দর ছেড়ে গেছে। যেসব লঞ্চে যাত্রী পরিপূর্ণ হয়ে গেছে, সেগুলো নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেওয়া হচ্ছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলানাথ দে প্রথম আলোকে বলেন, দক্ষিণাঞ্চলের ৪১টি রুটের যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত ৭৫টি লঞ্চ ছাড়াও আরও ৫০টি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যদি যাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পায় তবে আরও লঞ্চের ব্যবস্থা করা হবে। এ ছাড়া টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

সুষ্ঠুভাবে ঈদ ব্যবস্থাপনা বাস্তবায়ন করার লক্ষ্যে বুধবার বিকেল চারটায় ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের নতুন ভবনের সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লঞ্চের যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন, বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুল হক, অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ঢাকা নদীবন্দরের যুগ্ম আহ্বায়ক হামজা লাল, নৌ পুলিশের সুপার মো. আতিক প্রমুখ।