
ট্রেনের জন্য অপেক্ষায়? বসার জন্য আছে সারি সারি আসন। কিন্তু আদৌ বসতে পারবেন কি না, সন্দেহ। কারণ, বেশির ভাগ আসন ইটের ঠেস দিয়ে রাখা হয়েছে। কোনোটা আবার পান-চুনের রং ও মরিচায় একাকার।
এ চিত্র সিলেট রেলওয়ে স্টেশনের। দীর্ঘদিন মেরামত হয়নি স্টেশনের ভেতরে যাত্রীদের বসার আসনগুলো। প্রায় সব আসনই এখন বেহাল।
সিলেট রেলওয়ে স্টেশনের অবস্থান নগরের দক্ষিণ সুরমায়। প্রতিদিন এখানে ১৫-১৮ হাজার লোকের সমাগম হয়। এর মধ্যে প্রায় ১২ হাজারই যাত্রী। তাঁরা ১২টি আন্তনগর ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এর বাইরে দুটি লোকাল ট্রেনে সিলেট-ছাতক পথে যাত্রী পরিবহন হয়ে থাকে।
২২ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, টিকিট কাউন্টার পেরিয়ে প্রধান ফটক দিয়ে স্টেশনের ভেতরে প্রবেশের পর ডানে ও বাঁয়ে রয়েছে অপেক্ষমাণ যাত্রীদের বসার জন্য প্রায় ১৫০টি আসন। আসনগুলো প্লাস্টিক, স্টিলের কাঠামো ও ফোম-কাঠে নির্মিত। একেবারেই পায়া (নিচের অংশ) নেই নয়টি আসনে। ভাঙা পায়ার স্থলে ইটের ঠেস দিয়ে রাখা হয়েছে। কিছু আসনে পায়া থাকলেও খুবই দুর্বল। যাত্রীরা বসতে গেলেই এসব আসন হেলে পড়ছে। বাকি আসনগুলোর বেশির ভাগেই চুন ও পানের পিক লেগে ও মরিচা ধরে নোংরা হয়ে আছে।
ওই ১৫০টি আসনের মধ্যে ২০টি ফোম-কাঠে নির্মিত। দূর থেকে দেখতে বেশ লাগে। কিন্তু কাছে গেলেই দেখা যায় করুণ অবস্থা। পাঁচটি আসন ভাঙা। পাঁচটিতে আসনই নেই; পড়ে আছে স্ক্রুসহ ফ্রেম। ফোম ছিঁড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ১০টি আসন।
স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জন্য রাখা প্লাস্টিকের আসনগুলোর (তিনটি আসন) কাঠামো মোটামুটি ভালো আছে। তবে পান ও চুনের রং লেগে এগুলো নোংরা হয়ে পড়ে আছে।
এর বাইরে স্টেশনমাস্টার ও স্টেশন ব্যবস্থাপকের কক্ষের পশ্চিম পাশে আছে পুরুষ বিশ্রামাগার। সেখানে রয়েছে পাঁচ জোড়া আসন। এগুলো সোফার আদলেফোম-কাঠ দিয়ে তৈরি। তবে সোফার আরামদায়ক অনুভূতি নেওয়ার জো নেই। সব কটি আসনেই ফোম ছিঁড়ে বেরিয়ে এসেছে। এখানে আরও আছে সাতটি সারিতে প্লাস্টিকের ২১টি আসন। এগুলোর অবস্থা মোটামুটি ভালো। বিশ্রামাগারের বাইরে দরজার কাছে উল্টে রাখা হয়েছে প্লাস্টিকের তিনটি আসন। এগুলোতেও পায়া নেই।
ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষায় থাকা নগরের কুমারপাড়ার বাসিন্দা রাজীব খান বলেন, ‘বেলা দুইটায় স্টেশনে এসেছি; ট্রেন ছাড়বে তিনটায়। একটি আসনে বসতে গিয়ে হেলে পড়ে। ভয়ে অন্য একটি আসনে গিয়ে বসেছিলাম। নিচে তাকিয়ে দেখি আসনটি ইটের ঠেস দিয়ে রাখা। তাড়াতাড়ি উঠে হাঁটাহাঁটি করে সময় পার করেছি।’
রেলওয়ে স্টেশন এলাকায় এমন সাতজন যাত্রীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, কুয়াশার জন্য সড়কপথে দুর্ঘটনা বেশি হচ্ছে। রেলে দুর্ঘটনার ঝুঁকি কম, আবার ভ্রমণও আরামদায়ক। ফলে তাঁরা ট্রেনেই যাতায়াত করেন বেশি। কিন্তু স্টেশনের যাত্রী বসার আসনগুলোর অবস্থা দেখে খারাপ লাগে। এই যাত্রীরা এ জন্য মূলত স্টেশন কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করেন। পাশাপাশি যাত্রীদেরও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন তাঁরা।
রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, তিন বছর আগে স্টেশনের এসব অবকাঠামো উন্নয়ন ও মেরামত করা হয়েছিল। এরপর থেকে কোনো সংস্কার হয়নি। আবার এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার, তা নিয়ে দায় এড়ানোর মতো কথা বলছেন কর্মকর্তারা।
সিলেট রেলওয়ে স্টেশনমাস্টার কাজী শহিদুর রহমান বলেন, ‘অবকাঠামো তদারক করেন রেলওয়ের প্রকৌশল বিভাগ। যাত্রীদের অত্যধিক চাপে এসব আসন ভেঙে পড়েছে। শুনেছি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।’
তবে সিলেট রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আকবর হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমার দায়িত্বে সিলেট অঞ্চলের মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছাতক স্টেশন পর্যন্ত স্থাপত্যসংশ্লিষ্ট কাজ। স্টেশনের চেয়ার-টেবিলগুলো স্টেশন ব্যবস্থাপকেরদপ্তর দেখবে।’