যাত্রী বাদে সবার জন্য বিমানবন্দর রেলস্টেশন

পদচারী-সেতু আছে, কিন্তু তা ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না সাধারণ মানুষ। সেতু চলে গেছে মাদকসেবী আর উদ্বাস্তু মানুষের দখলে।
এই চিত্র বিমানবন্দর রেলস্টেশনের। সেখানকার পদচারী-সেতু ব্যবহার করতে না পেরে ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে স্টেশনের এপাশ থেকে ওপাশে চলাচল করছেন যাত্রীরা। তাতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পুরো স্টেশনেই ছড়িয়ে-ছিটিয়ে আছেন মাদকসেবী আর উদ্বাস্তু মানুষ। সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা। নিয়মিত যাতায়াত করেন এমন কয়েকজন যাত্রী বলেন, চরম অব্যবস্থাপনায় চলছে এই স্টেশন। দিনে দিনে এখানে বাড়ছে যাত্রী ভোগান্তি। প্রায়ই চুরি ও ছিনতাইয়ের শিকার হন যাত্রীরা।
স্টেশনে যাত্রীদের বসার জায়গাও অপ্রতুল। অধিকাংশ যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করেন। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এখানকার শৌচাগার। যাত্রীরা এটা কোনোরকমে ব্যবহার করলেও গুনতে হচ্ছে টাকা। নিয়মের বাইরে যাত্রীদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে।
স্টেশনের চারপাশ নোংরা। অগ্রিম ও সাধারণ টিকিট কাউন্টার এবং প্রথম ও শোভন শ্রেণির বিশ্রামাগারে ঢুঁ মারলেই চোখে পড়ে ময়লা-আবর্জনা
উদ্বাস্তু ও নেশাগ্রস্ত মানুষের কবল থেকে রেহাই নেই স্টেশনের অগ্রিম টিকিট কাউন্টারেরও। সেখানে চেয়ার দখল করে বসে থাকেন তাঁরা। এতে ভীষণ বিরক্ত মো. আনোয়ার নামের এক যাত্রী বলেন, ‘কেউ কি আছে এসব দেখার? সাধারণ মানুষ তো অসহায়।’
স্টেশনের চারপাশ নোংরা। অগ্রিম ও সাধারণ টিকিট কাউন্টার এবং প্রথম ও শোভন শ্রেণির বিশ্রামাগারে ঢুঁ মারলেই চোখে পড়ে ময়লা-আবর্জনা। নাকে আসে উটকো গন্ধ। অস্বস্তি নিয়েই সেখানে বসেন সাধারণ যাত্রীরা। নাদিয়া আফরিন নামের এক যাত্রী বললেন, ‘ব্যাগের ওপর কতটা সময় বসে থাকা যায়? কখন ট্রেন আসবে তার ঠিকানা নাই। তার ওপর টোকাইদের যন্ত্রণা।’
স্টেশনে যাত্রীদের জন্য একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনা মূল্যে পানি বিতরণের ব্যবস্থা চালু করা হলেও সেটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। স্টেশনের দোকানিরা বোতলজাত পানি বিক্রির উদ্দেশ্যে বিনা মূল্যের পানি সরবরাহের ব্যবস্থা বন্ধ রাখেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্টেশনে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তাকর্মীরা উদ্বাস্তু ব্যক্তিদের সরিয়ে দিলেও তাঁরা আবার স্টেশনে ঢুকে পড়েন। নিরাপত্তাব্যবস্থা ভালো থাকলেও মাঝেমধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পুলিশ জানতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। তিনি আরও বলেন, স্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম ও শৌচাগার ব্যবস্থাপনার দায়িত্ব ঠিকাদারদের। এসব কাজে সমস্যা থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বিমানবন্দর স্টেশনে অতিরিক্ত দোকান, যার কোনো প্রয়োজন নেই। দোকানের কারণে স্টেশনের জায়গা দখল হয়ে গিয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।