যাত্রী বাড়লেও কমল ট্রেনের আসন
যাত্রীর চাপ বাড়ার পরেও পাবনার চাটমোহর রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেনে গতকাল বুধবার থেকে আসন কমিয়েছে কর্তৃপক্ষ। এতে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছে। তারা ওই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে গতকাল সকালে ওই স্টেশনে বিক্ষোভ করেছে।চাটমোহর স্টেশন সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী, চাটমোহর ও ভাঙ্গুড়ায় রেলস্টেশন আছে। এর মধ্যে ঈশ্বরদী ও চাটমোহর স্টেশন দিয়ে জেলার অধিকাংশ মানুষ ট্রেনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। চাটমোহর রেলস্টেশনে প্রতিদিন গড়ে প্রায় ৯০ হাজার টাকার টিকিট বিক্রি হয়। আসন না পেয়ে অনেক যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করে। এর পরেও পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের আসনসংখ্যা কমিয়েছে। এর মধ্যে সিল্কসিটি এক্সপ্রেসে আসনসংখ্যা ৭০টি থেকে কমিয়ে ৪০টি এবং পদ্মা এক্সপ্রেসে ৫০ থেকে কমিয়ে ৩০টি করা হয়েছে। গতকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।যাত্রীরা জানায়, পাবনা সদর, বেড়া, সুজানগর ও চাটমোহর উপজেলার ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা চাটমোহর স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করেন। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তাঁরা সমস্যায় পড়বেন। সদর উপজেলার রাধানগর মহল্লার রাজিউর রহমান বলেন, ‘আজ থেকে পবিত্র রমজান শুরু হয়েছে, সামনে ঈদ। এই সময়ে রেল কর্তৃপক্ষ আসন কমানোয় আমরা হতাশ হয়েছি।’পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্য ব্যবস্থাপক মিহির ক্রান্তি রায় জানান, কোচ-সংকটের কারণে আসন কমানো হয়েছে। তবে চাটমোহর স্টেশনে যাত্রীদের ব্যাপক চাপ থাকায় তাঁরা বিষয়টি পুনর্বিবেচনার চেষ্টা করছেন।